আধারে নাম থেকে জন্মতারিখ! কোন তথ্য কতবার বদলানো যায়? জেনে নিন ইউক্রেইডআই-এর কড়া নিয়ম

বর্তমান সময়ে পরিচয়পত্র হিসেবে আধার কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়া—সবক্ষেত্রেই আধার বাধ্যতামূলক। তাই এই নথিতে থাকা নাম, ঠিকানা বা জন্মতারিখের মতো তথ্য নিখুঁত রাখা অত্যন্ত জরুরি। তবে সাধারণ মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আধারের এই তথ্যগুলি কি ইচ্ছেমতো বারবার বদলানো সম্ভব? এই বিষয়ে স্পষ্ট নিয়ম বেঁধে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা UIDAI।
কোন তথ্যে ঠিক কী নিয়ম রয়েছে, একনজরে দেখে নেওয়া যাক:
নাম পরিবর্তন: UIDAI-এর নিয়ম অনুযায়ী, আধারের নাম সাধারণ প্রক্রিয়ায় জীবনে সর্বোচ্চ দু’বার পরিবর্তন করা যায়। একবার বা দু’বার এই সুযোগ ব্যবহারের পর আর নাম সংশোধনের অনুমতি সাধারণ উপায়ে মেলে না।
জন্মতারিখ: জন্মতারিখ সংশোধনের ক্ষেত্রে নিয়ম আরও কড়া। জীবনে মাত্র একবারই আধারে জন্মতারিখ পরিবর্তন করা সম্ভব। তাই এই তথ্য বদলানোর সময় বাড়তি সতর্কতা প্রয়োজন।
ঠিকানা ও মোবাইল নম্বর: নাম বা জন্মতারিখের মতো ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট আজীবন সীমা নেই। প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় ঠিকানা আপডেট করা যায়। পাশাপাশি, রেজিস্টার্ড মোবাইল নম্বরও আপডেট সেন্টারে গিয়ে পরিবর্তন করা সম্ভব।
লিঙ্গ ও ছবি: আধারে লিঙ্গের তথ্য সাধারণত একবারই পরিবর্তন করা যায়। তবে ছবি পরিবর্তনের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সংখ্যাগত সীমা নেই। যেকোনো আধার সেবা কেন্দ্রে গিয়ে বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে ছবি বদলানো যায়।
বিশেষজ্ঞদের পরামর্শ, আধারে যেকোনো তথ্য সংশোধনের আগে প্রয়োজনীয় নথিগুলি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। নির্ধারিত সীমার বাইরে তথ্য পরিবর্তনের প্রয়োজন পড়লে UIDAI-এর সঙ্গে যোগাযোগ করতে হবে।