তৃণমুল ছেড়ে নতুন দলে যোগ দিতেই বিরাট জল্পনা! এনসিপিআই-এর নামের আগে হঠাৎ ‘বহুজন’ কেন? সাফাই দিলেন সাংসদ

দল বদলের রেশ কাটতে না কাটতেই নতুন রাজনৈতিক সমীকরণ নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তৃণমূল কংগ্রেস ছেড়ে ‘ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টি অব ইন্ডিয়া’ বা এনসিপিআই (NCPI)-তে যোগ দেওয়া বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের ছেলের একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে কেন্দ্র করে এই মুহূর্তে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নতুন এই পোস্ট ঘিরেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে, তবে কি এনসিপিআই-এর নাম বদলাতে চলেছে?
সম্প্রতি সমাজমাধ্যমে কাকলি ঘোষ দস্তিদারের পক্ষ থেকে একটি পোস্ট শেয়ার করেন তাঁর ছেলে বৈদ্যনাথ ঘোষ দস্তিদার। আর সেই পোস্টেই দলের নামের ঠিক আগে যুক্ত হয়েছে নতুন একটি শব্দ—‘বহুজন’। ইংরেজিতে করা ওই পোস্টটির বাংলা করলে অর্থ দাঁড়ায়, বহুজন এনসিপিআই দলে যোগ দিন। এই পোস্ট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয় নানা গুঞ্জন। অনেকেই ধরে নেন যে, তবে কি দল তার নামের পরিধি বাড়িয়ে নতুন কোনো রূপ নিতে চলেছে?
বিতর্ক বাড়তেই সমস্ত জল্পনায় জল ঢেলে মুখ খুলেছেন খোদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, দলের সোশ্যাল মিডিয়া সেল থেকেই মূলত এই পোস্টটি করা হয়েছিল। বিদ্রোহী সাংসদরা এনসিপিআই নামেই একজোটে কাজ চালিয়ে যাচ্ছেন এবং আগামী দিনেও এই দলই সাধারণ মানুষের অধিকারের পক্ষে লড়াই করবে বলে তিনি জানান। পাশাপাশি, বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের পক্ষ থেকেও সাফাই দিয়ে জানানো হয়েছে যে এটি নতুন কোনো রাজনৈতিক দল নয়, বরং দলীয় স্তরে অনগ্রসর শ্রেণি ও পিছিয়ে থাকা মানুষদের নিয়ে কাজ করার জন্য একটি বিশেষ শাখা বা ট্রাস্টের উদ্যোগ। তবে এই পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া রাজনৈতিক চর্চা আপাতত থামছে না।