খাবারের মান নিয়ে আপস নয়! বন্দে ভারতে নিম্নমানের খাবার দেওয়ায় বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল

বন্দে ভারত এক্সপ্রেসে আধকাঁচা পরোটা পরিবেশন! ক্যাটারিং সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা করল রেল
ট্রেনের খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়ে যাত্রীদের অভিযোগ বহুদিনের। এবার বেনারস-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে (Benaras-New Delhi Vande Bharat) পরিবেশন করা খাবারের মান নিয়ে বড়সড় গাফিলতির অভিযোগ উঠল। এক যাত্রীকে আধকাঁচা পরোটা পরিবেশন করার জেরে কড়া পদক্ষেপ করেছে ভারতীয় রেল। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর সংশ্লিষ্ট ক্যাটেরিং সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
খবরের চুম্বক অংশ (Key Highlights)
-
ঠিক কী ঘটেছিল? গত ১৬ আগস্ট ২২৪৩৫ নম্বর বেনারস-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে সফর করার সময় এক যাত্রী লক্ষ্য করেন যে তাঁকে যে পরোটা পরিবেশন করা হয়েছে, তা ঠিকমতো রান্না করা বা সেদ্ধ ছিল না। অর্থাৎ সেটি ছিল আধকাঁচা।
-
সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ ও রেলের পদক্ষেপ: খাবারের মান নিয়ে অসন্তুষ্ট ওই যাত্রী তৎক্ষণাৎ সোশ্যাল মিডিয়ায় বিষয়টি তুলে ধরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ট্যাগ করেন। এর পরই নড়েচড়ে বসে রেল কর্তৃপক্ষ এবং বিষয়টি নিয়ে দ্রুত তদন্ত শুরু হয়।
-
ভারী জরিমানা: তদন্তে গাফিলতির প্রমাণ মেলায় সংশ্লিষ্ট ক্যাটারিং সংস্থাকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, বেস কিচেনে খাবারের নিরাপত্তা এবং গুণমান পরীক্ষার দায়িত্বে থাকা অপর সংস্থাকেও গাফিলতির দায়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে রেল।
-
রেলের কড়া নজরদারি: ট্রেনের খাবারের মান উন্নত করতে রেলের পক্ষ থেকে বিভিন্ন বেস কিচেনে সিসিটিভি ক্যামেরা (CCTV Camera) বসানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে খাবার তৈরির পুরো প্রক্রিয়াটি রিয়েল টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হয়। পাশাপাশি রেলমন্ত্রী সম্প্রতি রাজ্যসভায় জানিয়েছেন যে গত তিন বছরে এই ধরনের অভিযোগের ভিত্তিতে মোট ৫ কোটি ১৩ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।