পারিশ্রমিক চাইতে গিয়ে খুন করার হুমকি! ‘লাপাতা লেডিজ’ খ্যাত অভিনেতার অভিযোগে এফআইআর

‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies) খ্যাত অভিনেতা সত্যেন্দ্র সোনিকে পারিশ্রমিক না দিয়ে মারধর ও হুমকির অভিযোগে অবশেষে নড়েচড়ে বসল পুলিশ। ঘটনার প্রায় দুমাস পর অভিযুক্ত পরিচালক পুষ্পেন্দ্র সিংহ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাব এফআইআর (FIR) দায়ের করা হয়েছে।
ঠিক কী ঘটেছিল? চলতি বছরের জুন মাসের শেষের দিকে সোশ্যাল মিডিয়ায় একটি বিস্ফোরক ভিডিও শেয়ার করে অভিনেতা সত্যেন্দ্র সোনি জানিয়েছিলেন, একটি শ্যুটিংয়ের কাজে মধ্যপ্রদেশে গিয়ে তিনি চরম হেনস্থার শিকার হয়েছেন। তাঁর সঙ্গে ৫০ হাজার টাকার চুক্তি হলেও শ্যুটিং শেষের পথে বাকি টাকা চাইতে গেলে শুরু হয় বিপত্তি। অভিনেতা জানতে পারেন, শুধু তাঁকেই নয়, শুটিং ইউনিটের কাউকেই কোনো পারিশ্রমিক দেওয়া হয়নি।
টাকা চাইতে গেলে পরিচালকের পক্ষ থেকে তাঁকে মাত্র ১০ মিনিটের মধ্যে হোটেল ছাড়ার হুমকি দেওয়া হয় এবং খুন করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন সত্যেন্দ্র। এমনকী রাস্তা দিয়ে যাওয়ার সময় পরিচালক ও তাঁর স্ত্রী গাড়ি নিয়ে তাঁকে তাড়া করে ধরে ফেলেন এবং বেধড়ক মারধর করেন। পরে সহ-অভিনেতা ও স্থানীয় পুলিশের সহায়তায় তিনি কোনওমতে প্রাণে বেঁচে মুম্বই ফিরে আসেন।
পুলিশের পদক্ষেপ অভিনেতার করা এই বিস্ফোরক অভিযোগের ভিত্তিতে অবশেষে নড়েচড়ে বসেছে পুলিশ। অভিযুক্ত পরিচালক পুষ্পেন্দ্র সিংহ এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNS) ১১৫(২), ১২৭(৩), ৩৫১(২), ৩৫২ এবং ৩(৫) ধারায় মামলা রুজু করা হয়েছে। ‘পেড় পালকী’ ছবির সেটে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।