হাতে হিরের আংটি, পাশে অচেনা পুরুষ! কার প্রেমে পড়লেন বিগ বস খ্যাত আয়েশা খান?

সোশ্যাল মিডিয়ায় ফের একবার শোরগোল ফেলে দিলেন ‘বিগ বস ১৭’-খ্যাত জনপ্রিয় অভিনেত্রী আয়েশা খান। সম্প্রতি এক রহস্যময় পুরুষের সঙ্গে বেশ কিছু অন্তরঙ্গ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তিনি। আর তাতেই অনুরাগীদের কৌতূহল এখন তুঙ্গে। ছবিগুলিতে ওই ব্যক্তির মুখ দেখা না গেলেও, সবচেয়ে বেশি নজর কেড়েছে আয়েশার বাঁ হাতের আঙুলে ঝলমল করা একটি হিরের আংটি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “একটা স্বপ্ন”। এই ছোট্ট ক্যাপশন আর হাতের আংটি দেখেই নেটপাড়ায় জোরালো জল্পনা শুরু হয়েছে, তবে কি জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী? গোপনে কি বাগদান সেরে ফেললেন তিনি? যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি আয়েশা। অনেকে মনে করছেন, এটি হয়তো কোনো বিলাসবহুল গয়না ব্র্যান্ডের প্রমোশন বা ফটোশুটের অংশও হতে পারে।

ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটছে আয়েশার। সম্প্রতি রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ ছবির ট্রেন্ডিং গান ‘শারারাত’-এ পারফর্ম করে বেশ প্রশংসিত হয়েছেন তিনি। তবে ফ্যানদের নজর এখন শুধুই ওই রহস্যময় পুরুষের দিকে। আসল সত্যিটা কী, তা জানার জন্য এখন অভিনেত্রীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ার অপেক্ষাতেই দিন গুনছেন ভক্তরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *