অন্নপূর্ণার টাকা না ঢোকায় কেঁদেই ভাসালেন মহিলা! কাঠগড়ায় পুরপ্রশাসন

অন্নপূর্ণা প্রকল্পের টাকা না মেলায় তীব্র অসন্তোষে উত্তপ্ত হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর-কল্যাণগড় পুরসভা চত্বর। প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে এদিন পুরসভায় চত্বরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। উত্তেজনার জেরে পুর ভবনে ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে। ঘটনার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুমন হীরা।

বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই বা ভেরিফিকেশন সম্পন্ন হয়েছে। এমনকি সরকারি অফিশিয়াল ওয়েবসাইটেও উপভোক্তাদের নামের পাশে ‘Approved’ বা অনুমোদিত হিসেবে দেখানো হয়েছে। তা সত্ত্বেও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসে পৌঁছয়নি। এখানেই শেষ নয়, অনেকে অভিযোগ করেছেন, শুরুতে সব ঠিকঠাক দেখালেও পরবর্তীতে ওয়েবসাইটের তথ্য বদলে সেখানে তিনটি করে বাড়ি থাকার ভুয়া তথ্য তুলে ধরা হয়েছে, যা নিয়ে ক্ষোভ আরও বহুগুণ বেড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগর এলাকায় প্রায় ২৫ হাজার অন্নপূর্ণা যোজনার উপভোক্তা রয়েছেন। অথচ এখনও পর্যন্ত বহু প্রকৃত প্রাপক এই আর্থিক সহায়তা পাননি। দিনের পর দিন সরকারি দপ্তরে ঘুরেও সুরাহা না মেলায় শেষ পর্যন্ত ধৈর্য হারান সাধারণ মানুষ। বকেয়া টাকা পাওয়ার দাবিতে এদিন তাঁরা পুরসভা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *