চার্চে বাইবেল ক্লাসের নামে নারকীয় নির্যাতন! চার নাবালিকাকে ধর্ষণের জেরে চারবার ফাঁসির সাজা ধর্মপ্রচারকের

তামিলনাড়ুর নেল্লাইয়ে এক লোমহর্ষক ঘটনায় চারজন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে এক খ্রিস্টান ধর্মপ্রচারককে চারটি মৃত্যুদণ্ডের সাজা শোনালো পকসো বিশেষ আদালত। অভিযুক্ত এস আব্রাহাম (৪৭) গঙ্গাইকন্ডন থেভারকুলামের মেলা ইলাঁথাইকুলাম এলাকায় একটি প্রার্থনা কেন্দ্র চালাতেন।

তদন্তে জানা গেছে, আট, বারো ও তেরো বছর বয়সি চারজন নাবালিকাকে স্কুল ছুটির পর নীতিশিক্ষা ও বাইবেল ক্লাসের নাম করে চার্চে ডেকে আনা হতো। সেখানেই তাদের উপর লাগাতার যৌন নির্যাতন চালাতেন ওই ধর্মপ্রচারক। ঘটনা কাউকে জানালে ভুক্তভোগীদের ভয়াবহ পরিণতির হুমকিও দেওয়া হয়েছিল।

পরিবারের পক্ষ থেকে তিরুনেলভেলি গ্রামীণ এলাকার ‘অল উইমেন পুলিশে’ অভিযোগ দায়ের করার পর, ২০২২ সালের ৫ জুলাই পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। জেরার মুখে নিজের অপরাধের কথা স্বীকার করে নেয় সে। বৃহস্পতিবার মামলার রায়ে পকসো বিশেষ আদালতের বিচারক কে সুরেশ কুমার এই ঘটনাকে ‘বিরলতম অপরাধ’ হিসেবে চিহ্নিত করেন।

প্রতিটি ভুক্তভোগীর জন্য একটি করে মোট চারটি মৃত্যুদণ্ডের পাশাপাশি দোষীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিচারক তাঁর পর্যবেক্ষণে জানান, যাঁদের সঠিক পথ দেখানোর কথা, তাঁদেরই নিজের শিকার বানিয়েছে সে। এছাড়া, রাজ্য সরকারকে চার নির্যাতিতার প্রত্যেককে ১০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *