বালিগঞ্জে আন্তর্জাতিক প্রতারণা চক্রের হদিশ! টেলিকম সংস্থার নামে ফোন করে বিদেশি নাগরিকদের লুঠ, গ্রেফতার চার

বালিগঞ্জের একটি বিলাসবহুল বাড়িতে গোপনে ভুয়ো কল সেন্টার খুলে আন্তর্জাতিক প্রতারণা চালানোর অভিযোগে চারজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম থানা। টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার কর্মী পরিচয় দিয়ে মূলত ব্রিটেনের নাগরিকদের টার্গেট করা হতো বলে তদন্তে উঠে এসেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওয়্যারলেস ডেটা পরিষেবা ও কাস্টমার কেয়ারের সমস্যার সমাধানের নাম করে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হতো। এরপর কথোপকথনের মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য এবং পাসওয়ার্ড হাতিয়ে নিত অভিযুক্তরা। বিশেষ ভিওআইপি (VOIP) অ্যাপ্লিকেশন ব্যবহার করে ল্যাপটপ ও ডেস্কটপের মাধ্যমে বিদেশে এই ভুয়ো কলগুলি করা হতো, যাতে আসল পরিচয় ও অবস্থান লুকিয়ে রাখা যায়।
গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে বালিগঞ্জের ওই ঠিকানায় হানা দেয় পুলিশ। সেখান থেকে তিনজনকে গ্রেফতার করার পর, তল্লাশির সূত্র ধরে তালতলা এলাকা থেকে আরও একজনকে পাকড়াও করা হয়। ধৃতদের নাম ফিরদৌস ইকবাল, শেখ সাজ্জাদ, রূপম টিমোথি বিশ্বাস এবং শব্বির আলম।
অভিযুক্তদের কাছ থেকে একাধিক ল্যাপটপ, ডেস্কটপ ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রের মূলচক্রী বিহারের বাসিন্দা। ডার্ক ওয়েব বা অন্যান্য উৎস থেকে বিদেশি নাগরিকদের তথ্য সংগ্রহ করে এই কারবার চালানো হচ্ছিল। ব্রিটিশ পাউন্ড এবং মার্কিন ডলারে হাতিয়ে নেওয়া সেই অর্থ কোথায় পাচার করা হতো, তা খতিয়ে দেখতে বাজেয়াপ্ত ডিভাইসগুলির ফরেন্সিক পরীক্ষা শুরু করেছে পুলিশ।