মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে সোজা অপারেশন টেবিলে! ভিনরাজ্যে গিয়ে কিডনি খুইয়ে ফিরলেন কলকাতার যুবক

পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে একটু সচ্ছলতার আশায় ভিনরাজ্যে পাড়ি দিয়েছিলেন কলকাতার বিধাননগরের এক যুবক। কিন্তু মোটা মাইনের কর্মসংস্থানের লোভ যে এভাবে তাঁর জীবনের সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনবে, তা ঘুণাক্ষরেও টের পাননি মঙ্গল মণ্ডল নামের ওই যুবক। কলকাতার একটি গ্লাভস তৈরির কারখানায় কাজ করা মঙ্গলকে পঞ্জাবের লুধিয়ানায় ভালো চাকরির প্রলোভন দেখিয়ে নিয়ে যান এলাকারই পরিচিত এক ব্যক্তি, প্রভাস মণ্ডল। জুলাই মাসের শেষের দিকে হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় যোগাযোগ করা হয়। এরপর গত ১২ আগস্ট বাড়ি ফিরে আসেন মঙ্গল। কিন্তু তারপরেই প্রতিবেশীদের মাধ্যমে তাঁর শরীরে কিডনি বিক্রির ভয়ংকর সত্য সামনে আসে।
পুলিশের জালে এজেন্ট ও চক্রের মূল পাণ্ডা
পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ কিডনি পাচার চক্রের মিডলম্যান প্রভাস মণ্ডলকে সল্টলেক থেকে গ্রেফতার করে। ধৃতকে জেরা করে এই চক্রের সঙ্গে উত্তরপ্রদেশের বাসিন্দা শাকিল নামের এক যুবকের নাম উঠে এসেছে। পুলিশ সূত্রে খবর, এই শাকিলই গোটা কিডনি পাচার চক্রের মূল মাস্টারমাইন্ড। বর্তমানে তাকে ধরার জন্য জোরদার তল্লাশি চালানো হচ্ছে। এই চক্রের জাল ঠিক কতদূর বিস্তৃত এবং এর সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা খতিয়ে দেখতে এখন মাঠে নেমেছেন তদন্তকারীরা।