পুজোর আগে সরকারি কর্মীদের বড় ধাক্কা! রাজ্য সরকারের আকস্মিক ঘোষণায় মুখে হাসি ফুটল লক্ষাধিক কর্মচারীর

রাজ্য সরকারি কর্মীদের জন্য এক বিরাট সুখবর। মহার্ঘ ভাতা (DA) সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখে আরও ২ শতাংশ বাড়ানো হয়েছে মহার্ঘ ভাতা। এর ফলে ৫৮ শতাংশ থেকে বেড়ে ডিএ-র নতুন হার গিয়ে দাঁড়িয়েছে ৬০ শতাংশে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এই বর্ধিত হার কার্যকর করা হয়েছে। এর জেরে ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত মহার্ঘ ভাতার বকেয়া টাকাও হাতে পাবেন কর্মীরা।
কবে থেকে মিলবে এই বর্ধিত টাকা?
অর্থ বিভাগের তরফে প্রকাশিত নির্দেশিকায় স্পষ্টভাবে জানানো হয়েছে যে, এই বর্ধিত মহার্ঘ ভাতার টাকা সরাসরি চলতি অগাস্ট মাসের বেতনের সঙ্গেই মিটিয়ে দিতে হবে। পাশাপাশি, বিগত ৭ মাসের বকেয়া টাকাও একসঙ্গে অ্যাকাউন্টে ঢুকবে।
এর ফলে আসন্ন সেপ্টেম্বর মাসের বেতন হাতে পাওয়ার সময় সরকারি কর্মচারীরা যে বেশ ভালোমতোই আর্থিক সুবিধা পেতে চলেছেন, তা বলাই বাহুল্য। দুর্গাপূজার ঠিক আগে একসঙ্গে এত টাকা ব্যাঙ্কে ঢোকার খবর প্রকাশ্যে আসতেই রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে খুশির হাওয়া বইছে। শুধু তাই নয়, উৎসবের মরশুমের কথা মাথায় রেখে অক্টোবর মাসে কর্মীদের আগাম বেতন দেওয়ার কথাও ঘোষণা করেছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরে চলে আসা কেন্দ্রীয় ও রাজ্য ডিএ-র ফারাকের ব্যবধান কিছুটা হলেও কমিয়ে ৬০ শতাংশে পৌঁছানোর এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত কর্মচারীরা।