এএফসি মহিলা লিগে নতুন ইতিহাস! মালয়েশিয়ার ক্লাবকে এক ডজন গোল দিয়ে রেকর্ড ইস্টবেঙ্গলের

পুরুষদের পাশাপাশি এশীয় মঞ্চে অনন্য ইতিহাস গড়ল ইস্টবেঙ্গলের মহিলা দল। এএফসি মহিলা লিগের প্রথম ম্যাচে বাংলাদেশের রাজশাহী স্টারকে চার গোলে উড়িয়ে দেওয়ার পর, দ্বিতীয় ম্যাচে আরও বেশি বিধ্বংসী হয়ে উঠল লাল-হলুদ শিবির। মালয়েশিয়ার মাটিতে রোভার্স এফসি (গুয়াম)-এর বিরুদ্ধে এক ডজন গোল করে সর্বকালীন রেকর্ড গড়ল দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে শুরু করে ইস্টবেঙ্গলের মহিলা বাহিনী। ম্যাচের মাত্র ছ’মথেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন প্রিয়াঙ্কা দেবী নওরেম। এরপর রোভার্সের রক্ষণভাগ পুরোপুরি ভেঙে পড়ে। প্রিয়াঙ্কার পাশাপাশি অঞ্জুম ও অষ্টমরা একের পর এক আক্রমণ শানিয়ে প্রতিপক্ষের জালে বল জড়াতে থাকেন।
উল্লেখ্য, এর আগে ভারতীয় ক্লাব হিসেবে এশিয়ার কোনো ক্লাবকে নয়টি গোল দেওয়ার রেকর্ড ছিল ইস্টবেঙ্গল পুরুষ দলের। ১৯৮৫-৮৬ মরশুমে এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের ভ্যালেন্সিয়া ক্লাবকে ৯-০ গোলে হারিয়েছিল পুরুষ দল। দীর্ঘ বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন নজির গড়লেন লাল-হলুদের মেয়েরা। মহাদেশীয় টুর্নামেন্টে এই ধরনের পারফরম্যান্স ভারতীয় মহিলা ফুটবলের অগ্রযাত্রায় এক নতুন মাইলফলক হয়ে রইল।