‘ঈশ্বরও বাকরুদ্ধ!’ ডাস্টবিনকে দেবতা মনে করে পুজো! ভিডিও ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া

কথায় বলে ‘অতি ভক্তি চোরের লক্ষণ’, কিন্তু ভক্তির আতিশয্য যে কতটা হাস্যকর এবং অযৌক্তিক হতে পারে, তা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর মাধ্যমে ফের একবার প্রমাণিত হলো। শ্রাবণ মাসে মন্দিরে ভক্তদের ঢল নামা স্বাভাবিক, কিন্তু সেই মন্দিরের বাইরে থাকা একটি ডাস্টবিনকে ঈশ্বরজ্ঞানে পুজো করার ঘটনাটি দেখে রীতিমতো হতবাক সাধারণ মানুষ।
ভিডিওতে যা দেখা গেল
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, মন্দিরের বাইরে সাধারণ পাবলিক প্লেস বা পার্কে যে ধরনের ইঁদুর আকৃতির ডাস্টবিন দেখা যায়, অবিকল তেমনই একটি ডাস্টবিন রাখা রয়েছে। শ্রাবণ মাসের ভিড়ে আসা ভক্তরা কোনো কিছু যাচাই না করেই ওই ডাস্টবিনটিকেই দেবতা ভেবে রীতিমতো পুজো শুরু করে দিয়েছেন। ডাস্টবিনটিতে দুধ দিয়ে স্নান করানো থেকে শুরু করে কপালে চন্দন-টিকা পরানো, এমনকি ফুল, মালা ও ফল অর্পণ করতেও পিছপা হননি তাঁরা। ভক্তিভরে প্রণাম জানানোর দৃশ্যটিও ক্যামেরায় ধরা পড়েছে।
নেটপাড়ায় সমালোচনার ঝড়
ভিডিওটি সামনে আসতেই সমাজমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অন্ধ বিশ্বাসের এই নজিরবিহীন দৃশ্য দেখে নেটিজেনদের একাংশ একে ‘লোক দেখানো ভক্তি’ বলে কটাক্ষ করেছেন। এক নেটিজেন লিখেছেন, “ঈশ্বরও নিশ্চয়ই এখন বাকরুদ্ধ হয়ে গিয়েছেন!” কেউ আবার মজার ছলে লিখেছেন, “অতিরিক্ত ভক্তি সব সময় ক্ষতির কারণ হয়।” অনেকের মতে, শিবরাম চক্রবর্তীর ‘দেবতার জন্ম’ গল্পের বাস্তব প্রতিফলন যেন এই ঘটনা।
তবে এই ভিডিওটি নির্দিষ্টভাবে ভারতের কোন মন্দিরের বা কোন অঞ্চলের, তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। যদিও ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর থেকেই অন্ধ বিশ্বাসের এই ভয়াবহ রূপ নিয়ে জোর চর্চা ও বিতর্ক চলছে। মানুষের যুক্তিবোধ যে ভক্তির মোড়কে কতটা তলানিতে নামতে পারে, তা এই ভিডিওটি নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল।