বস নেই মানেই ফাঁকি? অফিসে দেরিতে আসায় এআই বসের কোপে চাকরি খোয়ালেন কর্মী!

অফিসে বস নেই। এই সুযোগে রোজ দেরিতে অফিসে আসা এবং ফাঁকিবাজি করার দিন বুঝি এবার সত্যিই ফুরিয়ে এল! পুরোনো প্রবাদকে সত্যি করে ‘এই তো জীবন… আসি যাই, মাইনে পাই’ নীতি মেনে চলতে গিয়ে এবার এক ব্যক্তি চাকরি হারালেন এক্কেবারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ম্যানেজারের কোপে। সান ফ্রান্সিসকোর এক অফিসে ঘটে যাওয়া এই অভিনব ঘটনা এখন সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি করেছে।
ঘটনার সূত্রপাত সান ফ্রান্সিসকোর একটি অফিসে, যা মূলত একটি এআই পরীক্ষাগার হিসেবে পরিচিত। ‘অ্যান্ডন ল্যাবস’ নামের ওই সংস্থাটি তাদের অফিস ও ব্যবসা পরিচালনার সম্পূর্ণ দায়িত্ব দিয়েছিল একটি এআই ম্যানেজারকে, যার নাম রাখা হয়েছিল ‘লুনা’।
অফিসের ওই কর্মী ভেবেছিলেন, বস সশরীরে উপস্থিত না থাকায় যখন ইচ্ছে অফিসে আসা যাবে। অফিসে ঢুকে শুধু একবার উঁকি মেরে দেখে নেওয়া যে বসের কেবিন খালি কি না। বস না থাকলে কোনো টেনশনও নেই। কিন্তু তাঁর এই চালাকি বেশিদিন টেকেনি। কারণ তাঁর কেবিনে কোনো মানুষ বস না থাকলেও সেখানে চব্বিশ ঘণ্টা নজর রাখছিল ‘সুপার বস’—এআই ম্যানেজার লুনা।
এআই সূত্রে জানা গিয়েছে, ২৩টি শিফটের মধ্যে ১৭টিতেই ওই কর্মী দেরিতে অফিসে এসেছিলেন। লুনার মেমরিতে সমস্ত তথ্য সংরক্ষিত থাকলেও কোন নিয়মে কী শাস্তি দিতে হবে, তা তাকে শিখিয়ে দিয়েছিল তার হিউম্যান ডেভেলপার বা মানুষ-মনিবরা। নির্দিষ্ট সেই প্রম্পট পেতেই এআই ম্যানেজার লুনা চূড়ান্ত সিদ্ধান্ত নেয় এবং বারবার দেরি করার অপরাধে ওই কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। প্রযুক্তির যুগে মানুষের জায়গায় এআই-এর এমন কঠোর শাস্তিমূলক পদক্ষেপ ভবিষ্যতে দাপ্তরিক সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।