যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলকালাম! SFI ও ABVP সংঘর্ষে রণক্ষেত্র বিশ্ববিদ্যালয় চত্বর!

সাধারণ সভা বা জেনারেল বডি (GB) মিটিংকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বুধবার ক্যাম্পাসে এসএফআই এবং অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠনের ডাকা জিবি মিটিংয়ের বিরোধিতা করে বিক্ষোভ দেখাতে শুরু করে এবিভিপি। আর তা ঘিরেই দুই পক্ষের মধ্যে শুরু হয় তীব্র হাতাহাতি ও সংঘর্ষ। এই ঘটনায় উভয় পক্ষেরই একাধিক পড়ুয়া আহত হয়েছেন বলে খবর মিলেছে। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিনের এই সংঘর্ষের মূল কারণ ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক তরজা। বামেদের ডাকা এই সভার বিরুদ্ধে সরব হয়ে এবিভিপির দাবি, বর্তমানে রাজ্যে কোনও নির্বাচিত ছাত্র সংসদ নেই এবং এ বিষয়ে সরকারের তরফ থেকেও কোনও নির্দেশিকা জারি করা হয়নি। ফলে ছাত্র সংসদ বা তার প্রতিনিধি ছাড়া কীভাবে এই জিবি মিটিং ডাকা সম্ভব, সেই প্রশ্ন তুলেছে তারা। অন্যদিকে, বাম ছাত্র সংগঠনগুলির পালটা অভিযোগ, সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে এবিভিপি তাদের ওপর আক্রমণ চালিয়েছে।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় বিধায়িকা শর্বরী মুখোপাধ্যায়। তিনি আহত পড়ুয়াদের সঙ্গে সরাসরি যাদবপুর থানায় যান এবং এসএফআই সর্বভারতীয় সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্যের নাম উল্লেখ করে কড়া হুঁশিয়ারি দেন। বিধায়িকার অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে পরিকল্পিতভাবে অশান্তি পাকানোর চেষ্টা করছে বামপন্থী সংগঠনগুলি। এই ঘটনার জেরে যাদবপুর থানার সামনে দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান এবিভিপি সমর্থকরা। অন্যদিকে, বাম ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকেও একাধিক প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। গোটা ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে বিশ্ববিদ্যালয় চত্বরে।