পাক হাই কমিশনের বাইরে বুলডোজার চালাল মোদী সরকার!, জেনেনিন কেন এই সিদ্ধান্ত?

নতুনদিল্লিতে অবস্থিত পাকিস্তান হাই কমিশনের বাহ্যিক নিরাপত্তা ও ট্রাফিক ব্যারিকেড বুলডোজার দিয়ে ভেঙে ফেলল ভারত। সম্প্রতি ইসলামাবাদে অবস্থিত ভারতীয় হাই কমিশনের বাইরে থেকে পাকিস্তানি নিরাপত্তা ব্যারিকেড সরিয়ে নেওয়ার মাত্র তিন দিন পরেই এই কড়া পদক্ষেপ করল নয়াদিল্লি। দুই দেশের মধ্যে চলা বর্তমান কূটনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গত বছর পহেলগাঁও সন্ত্রাসী হামলায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। এর জবাবে ভারত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে, যার মূল লক্ষ্য ছিল পাকিস্তান ও পাক অধিকৃত অঞ্চলে সন্ত্রাস দমন। ভারতীয় সেনার এই অভিযানে একাধিক সন্ত্রাসী ঘাঁটি সম্পূর্ণ গুঁড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে যুদ্ধবিরতির মাধ্যমে সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও দুই দেশের মধ্যকার কূটনৈতিক পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।

এরই মধ্যে মার্কিন রাষ্ট্রদূত এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গোরের শ্রীনগর সফর পাকিস্তানের রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগ বাড়িয়েছে। শ্রীনগরে এসে জম্মু-কাশ্মীরকে ভারতের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সুন্দর অংশ বলে বর্ণনা করেন তিনি। পাশাপাশি, এই অঞ্চলের উন্নত নিরাপত্তা ব্যবস্থার ভূয়সী প্রশংসা করে তিনি জানান যে, এলাকাটি সুরক্ষিত করতে কেন্দ্রীয় সরকার এবং জম্মু-কাশ্মীর প্রশাসন চমৎকার পদক্ষেপ করেছে।

সার্জিও গোরের এই মন্তব্যের পরেই নড়েচড়ে বসে ইসলামাবাদ। মার্কিন এই কর্মকর্তার প্রতি চরম অসন্তোষ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রক। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন চার্জ ডিঅ্যাফেয়ার্স ন্যাটালি বেকারকে তলব করে এই বিবৃতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায় পাকিস্তান। পাক প্রশাসনের দাবি, মার্কিন দূতের এই মন্তব্য তথ্যগতভাবে ভুল। মূলত কাশ্মীর ইস্যুতে আমেরিকা ভারতের পক্ষে অবস্থান নেওয়ায় বেজায় চটেছে পাকিস্তান।

এই ক্রমবর্তমান কূটনৈতিক উত্তেজনার মাঝেই পাকিস্তান হাই কমিশনের বাইরের নিরাপত্তা নিয়ে বড় পদক্ষেপ করল ভারত। এর আগে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের বাইরের নিরাপত্তা বেষ্টনী তুলে নিয়েছিল পাকিস্তান সরকার। এবার নয়াদিল্লিও সেই পথেই হেঁটে পাকিস্তান হাই কমিশনের বাইরের ট্র্যাফিক ব্যারিকেড বুলডোজার দিয়ে সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *