বাংলা সিনেমায় বড় ধামাকা! অ্যাকশন হিরোর অবতারে হাজির জনপ্রিয় অভিনেতা রোহণ ভট্টাচার্য

ছোট ও বড় পর্দার অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় মুখ রোহণ ভট্টাচার্য এবার এক সম্পূর্ণ নতুন অবতারে ধরা দিতে চলেছেন দর্শকের সামনে। পরিচালক সপ্তাশ্ব বসুর নতুন ছবি ‘দশানন’-এর হাত ধরে এবার বড় পর্দায় এক নতুন ইনিংস শুরু করতে চলেছেন এই অভিনেতা। স্পর্শ এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউসের প্রযোজনায় তৈরি হতে চলা এই মাইথোলজিক্যাল ফিউশন অ্যাকশন থ্রিলার নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় শুরু হয়ে গেছে ব্যাপক চর্চা।

ছবিটি নিয়ে নিজের চরম উত্তেজনার কথা প্রকাশ করে অভিনেতা রোহণ ইটিভি ভারতের প্রতিনিধিকে জানান, তিনি সবসময়ই কমার্শিয়াল বা বাণিজ্যিক ছবি করতে চেয়েছেন এবং এই সিনেমাটি হতে চলেছে একটি আউট অ্যান্ড আউট কমার্শিয়াল ফিল্ম। যেখানে ভরপুর অ্যাকশন, দুর্দান্ত গান এবং জমজমাট ড্রামা সবই রয়েছে। ছবিটির জন্য এখন থেকেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। রোহণের কথায়, প্রচুর ফাইট সিকোয়েন্স রয়েছে এই ছবিতে। একটি নতুন টিম এবং সম্পূর্ণ নতুন ধরনের গল্প নিয়ে এই কাজ। বাংলা ছবির দর্শকরা আগে কখনও এই জঁরের কাজ দেখেছেন বলে তাঁর মনে হয় না।

কী থাকছে ‘দশানন’-এ?

নির্মাতাদের দাবি, বাংলা সিনেমায় এক বড় চমক নিয়ে আসছে এই ছবি। রোহণের বিপরীতে এই সিনেমায় দেখা যাবে অভিনেত্রী পিয়ালি চট্টোপাধ্যায়কে। নতুন এই জুটির কেমেস্ট্রি দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকরা। রুদ্ধশ্বাস অ্যাকশন, পৌরাণিক আবহ এবং শিকড়ের সঙ্গে জড়িয়ে থাকা এক গভীর গল্পের মিশেলে তৈরি হয়েছে ছবির পটভূমি। অ্যাকশন ও থ্রিলের পাশাপাশি এতে রয়েছে পৌরাণিক অনুষঙ্গের বিশেষ ব্যবহার, যা গল্পটিকে অন্য মাত্রায় নিয়ে যাবে।

ছবিটির ক্রিয়েটিভ প্রোডিউসারের দায়িত্বে রয়েছেন অপালা চৌধুরী এবং সংগীত পরিচালনা করছেন ঈশান মিত্র। এছাড়া ছবিটি নিবেদন করছেন সরফরাজ আহমেদ, অভিষেক কুমার সিং এবং তন্ময় ঘোষ। সব মিলিয়ে, পৌরাণিক আবহ ও সমকালীন গল্প বলার মুন্সিয়ানায় বাংলা সিনেমার দর্শকদের এক প্রিমিয়াম ও বড় ক্যানভাসের সিনেমাটিক অভিজ্ঞতা উপহার দিতে চলেছে ‘দশানন’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *