মাত্র ৫ মিনিটের স্নান আর ১.৩ লক্ষ টাকার ঝটকা! বাথরুমে এই ছোট্ট ভুল করতেই অ্যাকাউন্ট খালি ভারতীয় মহিলার

সিনেমার কোনো অদ্ভুত দৃশ্য বলে মনে হতে পারে, কিন্তু সামান্য গরম জলে স্নান করার খেসারত হিসেবে গুনতে হলো প্রায় ১.৩ লক্ষ টাকা! অস্ট্রেলিয়ায় বসবাসকারী এক ভারতীয় মহিলার সঙ্গে ঘটা এই চাঞ্চল্যকর ঘটনাটি এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। মাত্র পাঁচ মিনিটের স্নান যে কারো জীবনে এত বড় আর্থিক ধাক্কা দিতে পারে, তা ঘুণাক্ষরেও টের পাননি ওই মহিলা।

ভামিকা নামের ওই ভারতীয় মহিলা তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পুরো ঘটনাটি শেয়ার করেছেন। তিনি জানান, শীতের আমেজে একটু আরাম করে গরম জলে স্নান সেরেছিলেন তিনি। কিন্তু একটু ঠান্ডার ধাত থাকায় বাথরুমের এগজস্ট ফ্যানটি চালু করতে ভুলে গিয়েছিলেন। আর তাতেই ঘটে বিপত্তি। বাথরুম থেকে বের হওয়ার সঙ্গেই গোটা বিল্ডিংয়ে বেজে ওঠে তীব্র ফায়ার অ্যালার্ম।

প্রথমে ভামিকা ভেবেছিলেন এটি হয়তো কোনো সাধারণ ফায়ার ড্রিল বা মহড়া। কিন্তু মুহূর্তের মধ্যে বিল্ডিং ম্যানেজার এসে হাজির হন তাঁর দরজায়। তিনি বুঝতে পারেন, বাথরুম থেকে বের হওয়া সামান্য বাষ্পই অ্যালার্মটি সক্রিয় করে দিয়েছে, কারণ সেন্সরটি ঠিক বাথরুমের মুখেই বসানো ছিল। এই ভুলের জেরে জরুরি দমকল বাহিনী তলব করায় তাঁকে দিতে হয়েছে ১ হাজার ৮০০ অস্ট্রেলিয়ান ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৩০ হাজার টাকা।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল বিতর্ক। বেশিরভাগ নেটিজেনদের মতে, সামান্য বাষ্পে ফায়ার অ্যালার্ম বেজে ওঠা ওই বিল্ডিংয়ের সেন্সর সিস্টেমের ত্রুটি। বিশাল অঙ্কের এই জরিমানার প্রতিবাদ করার জন্য অনেকেই ভামিকাকে আইনি পরামর্শ দিয়েছেন। প্রথমবার এমন অনিচ্ছাকৃত ভুলের জন্য সতর্ক না করে সরাসরি বিপুল জরিমানা করায় ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *