মাত্র ৫ লক্ষ টাকায় শুরু! ঠাকুমার হাতের পুরনো রেসিপি দিয়ে আজ কোটি টাকার সাম্রাজ্য গড়লেন বেঙ্গালুরুর দুই বোন

অনেকের কাছেই ঠাকুমার হাতের রান্না কেবল ছোটবেলার একরাশ নস্টালজিয়া বা সোনালী স্মৃতি। কিন্তু সেই চেনা স্বাদ আর স্মৃতির ওপর ভর করেই বেঙ্গালুরুর দুই বোন গড়ে তুললেন কোটি টাকার সফল ব্যবসা। রাম্যা রবি এবং শ্বেতা রবি নামের এই দুই উদ্যোক্তা ২০২০ সালে মাত্র ৫ লক্ষ টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন তাঁদের ফুড স্টার্টআপ—‘RNR Donne Biryani’।
ছোট্ট ক্লাউড কিচেন থেকে বিরাট যাত্রা
শুরুটা হয়েছিল অত্যন্ত সাধারণ ভাবে—মাত্র ২০০ বর্গফুটের একটি ছোট্ট ক্লাউড কিচেন এবং হাতে গোনা মাত্র তিনজন কর্মী (একজন শেফ ও দু’জন সহকারী) নিয়ে। তবে তাঁদের মূলধন ছিল এমন এক জিনিস, যা অর্থা দিয়ে মাপা যায় না—পরিবারের গোপন ও পুরনো ঐতিহ্যবাহী রেসিপি। ঠাকুমার স্পেশ্যাল বিরিয়ানির রেসিপিকে সম্বল করেই তাঁরা মাঠে নেমেছিলেন। বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী ও ঘরোয়া স্বাদের ‘দোন্নে বিরিয়ানি’ (Donne Biryani)-কে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল তাঁদের একমাত্র লক্ষ্য।
সাধারণ দীর্ঘ দানার চালের বিরিয়ানির থেকে এই বিরিয়ানি সম্পূর্ণ আলাদা। বিশেষ ছোট দানার চাল দিয়ে তৈরি এই পদ পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী পাতার তৈরি ‘দোন্নে’ বা কাপের মতো পাত্রে। এর অনন্য স্বাদ এবং পরিবেশনই একে বাকিদের থেকে আলাদা করে তোলে। বিশেষ করে কোভিডের কঠিন সময়ে যখন বহু ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল, তখন ক্লাউড কিচেনের কম বিনিয়োগের মডেল বেছে নিয়ে ঝুঁকি নিয়েছিলেন দুই বোন।
১০ কোটির সাম্রাজ্য ও সাফল্যের চাবিকাঠি
তাঁদের এই কৌশল কাজে আসতে সময় লাগেনি। চালুর মাত্র এক মাসের মধ্যেই অর্ডারের সংখ্যা ছাড়িয়ে যায় ১০ হাজার। ছোট্ট রান্নাঘর থেকে শুরু হওয়া সেই সুস্বাদু খাবার ধীরে ধীরে ছড়িয়ে পড়ে গোটা বেঙ্গালুরু শহরে। বিরিয়ানির পাশাপাশি তাঁদের মেনুতে জায়গা করে নেয় ড্রামস্টিক চিলি স্টার্টার, চিকেন ঘি রোস্ট এবং মাটন বোন স্যুপের মতো জনপ্রিয় পদ।
ব্যবসার পরিধি বাড়ার সঙ্গে সঙ্গে পাল্টাতে থাকে সাফল্যের ছবিটাও। বর্তমানে বেঙ্গালুরুজুড়ে রাম্যা ও শ্বেতার ১৪টি ক্লাউড কিচেন এবং একটি বড় স্ট্যান্ডঅ্যালোন রেস্তোরাঁ রয়েছে। মাত্র ৫ লক্ষ টাকা দিয়ে শুরু করা সেই উদ্যোগ আজ প্রায় ১০ কোটি টাকার বার্ষিক রাজস্বে এসে পৌঁছেছে।
রাম্যা ও শ্বেতার এই সাফল্যের গল্প প্রমাণ করে দেয় যে, ব্যবসার জন্য সবসময় কোনো অভিনব বা নতুন আইডিয়ার প্রয়োজন হয় না। কখনও কখনও পরিবারের পুরোনো কোনো স্বাদ, হারিয়ে যাওয়া রেসিপি কিংবা ঠাকুমার হাতের রান্নার সাধারণ স্মৃতির মধ্যেও লুকিয়ে থাকতে পারে বিশাল ব্যবসায়িক সম্ভাবনা। দুই বোন ঠিক সেই সম্ভাবনার সদ্ব্যবহার করেই আজ সফলতার শীর্ষে।