আধার কেন্দ্রে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়ানোর দিন শেষ! ঘরে বসেই এবার মোবাইল নম্বর বদলান মাত্র ক্লিকেই

বর্তমান দিনে ভারতীয় নাগরিকদের জীবনের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) একপ্রকার ওতপ্রুতোভাবে জড়িয়ে গেছে। সরকারি কাজ হোক কিংবা যেকোনো বেসরকারি পরিষেবা—প্রতিটি পদক্ষেপে আজ আধার কার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আর আধারের নিরাপত্তাকে আরও জোরদার করতে এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বা সঠিক নম্বর আপডেট রাখা অত্যন্ত জরুরি। তবে এতদিন আধার কার্ডে মোবাইল নম্বর বদলানো বা আপডেট করার জন্য আধার সেবাকেন্দ্রে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়াতে হতো। কিন্তু এবার সেই ঝক্কি থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এল দারুণ এক সুখবর। এখন থেকে ঘরে বসেই অত্যন্ত সহজে আধার কার্ডে মোবাইল নম্বর পরিবর্তন করা সম্ভব।
বাড়িতে বসেই কীভাবে আধার নম্বরে ফোন নম্বর বদলাবেন?
ইউআইডিএআই (UIDAI)-এর নতুন অফিশিয়াল অ্যাপের মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটি এখন আগের তুলনায় অনেকটাই সহজ হয়ে গিয়েছে। আপনি যদি নিজের আধার কার্ডে থাকা পুরোনো নম্বরটি বদলাতে চান, তবে ধাপে ধাপে জেনে নিন সহজ নিয়মগুলি:
১. সবার প্রথমে আপনার স্মার্টফোনে আধারের নতুন অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড এবং ইনস্টল করে নিন।
২. এরপর অ্যাপটিতে প্রবেশ করে লগইন করুন এবং আপনার নির্দিষ্ট আধার নম্বরটি সেখানে ইনপুট করুন।
৩. এবার মুখের ফেস অথেন্টিকেশনের (Face Authentication) মাধ্যমে আপনি খুব সহজেই অ্যাপে লগইন করতে পারবেন।
৪. অ্যাপের হোমপেজে আসার পর একাধিক অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে সরাসরি ‘Services’ অপশনটিতে ক্লিক করতে হবে।
৫. এরপর স্ক্রিনে আসা ‘Mobile Number Update’ অপশনটিতে ক্লিক করার পর ‘Continue to Update Mobile Number’-এ ট্যাপ করুন।
৬. এবার আপনি যে নতুন মোবাইল নম্বরটি আপনার আধারের সঙ্গে লিঙ্ক করতে চান, সেটি নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে লিখুন।
৭. নম্বরটি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার সেই নতুন ফোনে একটি ওটিপি (OTP) আসবে, যা অ্যাপের নির্ধারিত স্থানে বসিয়ে ভেরিফাই করতে হবে।
৮. এরপর পুনরায় ফেস অথেন্টিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৯. সমস্ত প্রক্রিয়া ঠিকঠাকভাবে সম্পন্ন হওয়ার পর অনলাইন মাধ্যমে নামমাত্র ৭৫ টাকা ফি পেমেন্ট করতে হবে।
এই সমস্ত ধাপ সফলভাবে পূরণ করার মাত্র ১৫ দিনের মধ্যেই আপনার আধার কার্ডে নতুন মোবাইল নম্বরটি সফলভাবে আপডেট হয়ে যাবে। ফলে আধার কেন্দ্র বা পোস্ট অফিসে ছোটার ঝামেলা থেকে মিলবে বড়সড় মুক্তি।