এখনই KYC আপডেট না করলে অ্যাকাউন্ট ব্লক? মোবাইলে এই মেসেজ আসতেই যা করবেন, বড় সতর্কবার্তা RBI-এর!

“এখনই কেওয়াইসি (KYC) আপডেট করুন, নাহলে অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে”—মোবাইলে এমন মেসেজ কি আপনারও এসেছে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে চরম সাবধান হওয়ার সময় এসেছে। কারণ কেওয়াইসি আপডেট সংক্রান্ত এই ধরনের প্রতারণা নিয়ে এবার দেশবাসীকে সরাসরি সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)।

গ্রাহকদের জন্য আরবিআই-এর কড়া নির্দেশিকা কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ধরনের মেসেজ পেলে আতঙ্কিত হওয়ার বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কারণ এগুলি সম্পূর্ণভাবে প্রতারণামূলক বা ফেক মেসেজ। সাইবার অপরাধীরা সাধারণ মানুষকে ফাঁদে ফেলতে এই ধরনের ভুয়া বার্তা পাঠিয়ে থাকে। এই ধরনের কোনো মেসেজ বা বার্তা পেলে তাতে থাকা কোনো লিঙ্কে ভুলেও ক্লিক করতে বারণ করা হয়েছে।

প্রতারকদের এই চক্র থেকে সুরক্ষিত থাকতে গ্রাহকদের কয়েকটি সুনির্দিষ্ট নিয়ম মেনে চলার পরামর্শ দিয়েছে আরবিআই:

  • তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নয়: এমন কোনো মেসেজ আসলে কোনোভাবেই ঘাবড়ে গিয়ে হঠকারী পদক্ষেপ করবেন না। রিজার্ভ ব্যাঙ্ক বা কোনো আর্থিক প্রতিষ্ঠান (NBFC) কখনোই এসএমএসের মাধ্যমে সরাসরি কেওয়াইসি আপডেট করার লিঙ্ক পাঠায় না।

  • লিঙ্কে ক্লিক নয়: সন্দেহজনক কোনো বার্তা বা লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।

  • গোপন তথ্য শেয়ার করবেন না: ভুলেও কখনো কোনো ওটিপি (OTP), পিন (PIN) বা পাসওয়ার্ড (Password) অন্য কারোর সঙ্গে বা ফোনে শেয়ার করবেন না।

ডিজিটাল যুগে সাইবার জালিয়াতির ঘটনা যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষকে আরও বেশি সতর্ক থাকার পরামর্শ দিয়েছে দেশের শীর্ষ ব্যাংক। সামান্য অসাবধানতাই আপনার ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দিতে পারে, তাই এই ধরনের প্রতারণামূলক মেসেজ দেখলেই এড়িয়ে চলার বার্তা দিয়েছে আরবিআই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *