রেশন কার্ডে আসছে বিরাট পরিবর্তন! যৌথ পরিবারের নিয়মে বড় ধাক্কা দিল রাজ্য সরকার

রাজ্যে রেশন ব্যবস্থাকে আরও উন্নত, সুশৃঙ্খল ও অত্যাধুনিক করে তুলতে এবার এক বড় পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ সরকার। বর্তমানে নিয়ম অনুযায়ী বায়োমেট্রিক পদ্ধতি ছাড়া যেমন রেশন সামগ্রী তোলা যায় না, তেমনই এবার পরিবারভিত্তিক রেশন ব্যবস্থাতেও আনতে চলেছে বড়সড় পরিবর্তন।
নতুন নির্দেশিকা অনুযায়ী, একই যৌথ পরিবারের সদস্যরা এখন থেকে আর আলাদা আলাদা স্থান বা বিভিন্ন রেশন ডিলারের কাছ থেকে নিজেদের বরাদ্দের খাদ্যদ্রব্য তুলতে পারবেন না। উল্লেখ্য, ডিজিটাল ব্যবস্থা কার্যকর হওয়ার পর থেকে পোর্টাবিলিটির সুবিধা থাকায় যেকোনো কার্ডধারীর বায়োমেট্রিক প্রমাণের মাধ্যমে রাজ্যের যেকোনো প্রান্তের রেশন দোকান থেকে খাদ্যসামগ্রী তোলার সুযোগ ছিল। গ্রাহকদের সুবিধার্থেই ডিজিটাল রেশন ব্যবস্থা চালুর পর এই ‘যেকোনো স্থান থেকে রেশন তোলার’ সুবিধা চালু করা হয়েছিল।
তবে এবার সেই ব্যবস্থাতেই পরিবর্তন আনছে প্রশাসন। এতদিন পর্যন্ত যৌথ পরিবারের অন্তর্ভুক্ত যেসব কার্ডধারীরা কাজের সূত্রে অন্য কোনো এলাকায় বা দূরে বসবাস করতেন, তারা নিজেদের ভাগের খাদ্যদ্রব্য সেই জায়গা থেকেই আলাদাভাবে সংগ্রহ করতে পারতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, এবার থেকে আর আলাদা করে রেশন নেওয়ার সুযোগ থাকছে না। খাদ্য দপ্তরের স্পষ্ট বার্তা, রেশন ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে এখন থেকে এক পরিবারের সমস্ত সদস্যকে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা থেকেই তাঁদের প্রাপ্য রেশন তুলতে হবে।