উত্তর-পশ্চিমে বর্ষা বিদায়ের পালা! তবে কি এবার তবে বাংলায় থামবে বৃষ্টি? জানুন হাওয়া অফিসের বড় আপডেট

টানা বৃষ্টিতে জেরবার পশ্চিমবঙ্গ এবং হাঁফিয়ে উঠছে কলকাতা। তবে আবহাওয়া দফতরের স্যাটেলাইট চিত্র বলছে, দেশের উত্তর-পশ্চিম অংশে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে আবহাওয়ার সামগ্রিক ছবিটা। আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বর্ষার জলীয় বাষ্পে ভরা বাতাসের জায়গা এবার নিতে শুরু করেছে শুষ্ক উত্তর-পশ্চিম হাওয়া। ফলে পঞ্জাব, হরিয়ানা, দিল্লি-NCR এবং রাজস্থান-সহ উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আগামী দিনে বৃষ্টির পরিমাণ কমার স্পষ্ট সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহবিদদের মতে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ধীরে ধীরে উত্তর-পশ্চিম ভারত থেকে সরতে শুরু করেছে, যা আদতে বর্ষা বিদায়েরই প্রাথমিক সঙ্কেত।

তবে আবহাওয়া দফতর সূত্রে স্পষ্ট বার্তা মিলেছে যে, দেশের উত্তর-পশ্চিম অংশ থেকে মৌসুমী বায়ু পিছু হটতে শুরু করলেও, আপাতত পশ্চিমবঙ্গে তেমন কোনো সম্ভাবনাই নেই। কারণ পশ্চিমবঙ্গের আবহাওয়া এই মুহূর্তে সম্পূর্ণ আলাদা। বাংলায় এখনও বর্ষা যথেষ্ট পরিমাণে সক্রিয় রয়েছে। বরং বঙ্গোপসাগরে তৈরি হওয়া শক্তিশালী নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গ-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির দাপট ভালোভাবেই বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে। ফলে উত্তর-পশ্চিম ভারতে যখন বর্ষার বিদায়ী ঘণ্টা বেজে উঠেছে, তখন বাংলায় বর্ষার দাপট এখনও বেশ জোরালো।

দেশের কোথায় দুর্বল হচ্ছে বর্ষা?
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) সূত্রে খবর, বিক্ষিপ্ত বৃষ্টি হলেও হিসেব অনুযায়ী ৪ জুন থেকে দেশের সামগ্রিক বৃষ্টির ঘাটতি এখনও প্রায় ১৩ শতাংশের কাছাকাছি রয়েছে। তবে দেশের সব রাজ্যে পরিস্থিতি একরকম নয়। পশ্চিম ও মধ্য ভারতের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের কাছাকাছি থাকলেও গাঙ্গেয় সমভূমি, উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণের উপদ্বীপ অঞ্চলের কিছু অংশে এখনও ঘাটতির ছবি রয়েছে।

এই সামগ্রিক পরিস্থিতির মাঝেই উত্তর-পশ্চিম ভারতে বায়ুমণ্ডলের চরিত্র দ্রুত বদলাতে শুরু করেছে। বর্ষার আর্দ্র বাতাসের জায়গা সেখানে দখল করছে শুষ্ক উত্তর-পশ্চিমা হাওয়া। এর ফলে বাতাসে জলীয় বাষ্প ও আর্দ্রতা কমবে, কমবে মেঘ তৈরির অনুকূল পরিবেশও। স্বাভাবিকভাবেই সেখানে বৃষ্টির পরিমাণ হ্রাস পাওয়ার কথা। স্যাটেলাইট চিত্র বলছে, বর্ষার অক্ষ বা মনসুন ট্রাফ (monsoon trough) উত্তর দিকে সরে হিমালয়ের পাদদেশের কাছাকাছি অবস্থান করছে। তবে উত্তর-পশ্চিম ভারতের এই আবহাওয়ার সঙ্গে বর্তমান পশ্চিমবঙ্গের আবহাওয়ার কোনো মিলই নেই।

বাংলায় কবে পর্যন্ত চলবে বৃষ্টি?
গত ১৭ অগাস্ট বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশ এবং পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলের কাছাকাছি তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়। পরবর্তীতে সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে উত্তর-পশ্চিম দিকে এগিয়ে গেছে বলে জানিয়েছে আইএমডি (IMD)। এর সরাসরি প্রভাবে দক্ষিণবঙ্গে বর্ষার কার্যকলাপ অত্যন্ত সক্রিয় রয়েছে।

আইএমডি-র ১৮ অগাস্টের তথ্য অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় ১৮ থেকে ২১ অগস্ট পর্যন্ত ভারী বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। তবে ২২ অগস্ট থেকে বড় ধরনের ভারী বৃষ্টির আর কোনো বাড়তি সতর্কতা জারি করা হয়নি। অর্থাৎ, এই মুহূর্তে বাংলায় বর্ষা বিদায়ের বিন্দুমাত্র কোনো সঙ্কেত নেই। উলটে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপ তৈরি হলে রাজ্যে ফের বৃষ্টির দাপট বাড়তে পারে বলেই মনে করছেন আবহবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *