প্রাসাদ বা বিলাসবহুল রিসোর্ট নয়! ঘরের লিভিংরুমে অত্যন্ত সাদামাঠাভাবে বিয়ে সারলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

সেলিব্রিটিদের বিয়ে মানেই বিলাসবহুল রিসোর্ট, চোখধাঁধানো আলো আর জাঁকজমকপূর্ণ আয়োজন। বিরাট কোহলি-অনুষ্কা শর্মা থেকে শুরু করে একাধিক তারকা ক্রিকেটার কিংবা বলিউড অভিনেতা-অভিনেত্রীদের ক্ষেত্রে আমরা বরাবরই এমন ‘গ্র্যান্ড ওয়েডিং’-এর সাক্ষী থেকেছি। তবে প্রচলিত সমস্ত ট্রেন্ড ভেঙে একেবারে অন্য পথে হাঁটলেন বিশ্বফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রডরিগেজ। কোনো জাঁকজমক বা রাজকীয় ক্যাসেল নয়, একদম ঘরোয়া ও ব্যক্তিগত পরিবেশে একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন এই তারকা জুটি।
কোথায় এবং কীভাবে সারলেন বিয়ে?
গত ১১ আগস্ট সম্পূর্ণ ব্যক্তিগত এক অনুষ্ঠানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জর্জিনা রডরিগেজ বিবাহবন্ধনে আবদ্ধ হন। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডো নিজে সেই বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করেন, যেখানে দু’জনের হাত ধরা এবং হাতে আংটি পরিহিত অবস্থায় দেখা গেছে। ক্যাপশনে কেবল একটি হৃদয়ের ইমোজি ব্যবহার করেছেন তিনি।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই তারকা যুগল তাঁদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি সেরেছেন নিজেদের বাড়ির লিভিংরুমে! যেখানে তাঁরা প্রতিদিন একসঙ্গে প্রাতরাশ, মধ্যাহ্নভোজ কিংবা রাতের খাবার খান এবং বাস্তব জীবন কাটিয়ে থাকেন। এই অদ্ভুত সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জর্জিনা এক সাক্ষাৎকারে জানান, তাঁদের ইচ্ছা ছিল আগামী দিনে তাঁদের সন্তানরা যেন ৩০ বছর পরেও এই টেবিলে বসে গর্ব করে বলতে পারে যে, এখানেই তাঁদের বাবা-মায়ের বিয়ে হয়েছিল। তবে ভবিষ্যতে পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে আরও বড় করে বিবাহ উদযাপন করার পরিকল্পনা রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
রূপকথার স্বপ্ন বনাম বাস্তবসম্মত সিদ্ধান্ত
ছোটবেলায় রাজকীয় ক্যাসেল, লম্বা গাউন এবং হিরে খচিত ক্রাউন পরে বিয়ের স্বপ্ন দেখতেন জর্জিনা। কিন্তু সময়ের সঙ্গে সেই ধারণায় পরিবর্তন এসেছে। এপ্রসঙ্গে জর্জিনার বক্তব্য, ক্যাসল, দ্বীপ, ঘোড়া কিংবা গাড়ি—এগুলি তো তাঁদের সবসময়ই হাতের নাগালে রয়েছে, কিন্তু পরিবারের সবাইকে নিয়ে একান্ত মুহূর্ত কাটানোর সুযোগ সবসময় আসে না। তাই আড়ম্বরকে দূরে সরিয়ে ব্যক্তিগত আনন্দকেই বেশি প্রাধান্য দিয়েছেন তাঁরা।
উল্লেখ্য, ২০১৬ সালের আগস্টে গুচির (Gucci) একটি শোরুমে যখন প্রথম দেখা হয়েছিল, তখন সেলস অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন জর্জিনা। দীর্ঘ সম্পর্কের পর অবশেষে তাঁদের সেই প্রেমের গল্প এক সুন্দর পরিণতির দিকে পৌঁছাল।