তৃণমূলের ঘরে বড় ধাক্কা! অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ দিলেন তৃণমূলের অঞ্চল সভাপতি ও প্রধান

রাজ্যের রাজনৈতিক সমীকরণে ফের বড়ো বদল। বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই একের পর এক জেলায় তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর শোনা যাচ্ছে। এবার খোদ মুর্শিদাবাদ জেলায় ঘাসফুল শিবিরকে বড় ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিলেন একদল প্রভাবশালী নেতা-কর্মী। বহরমপুরে জেলা কংগ্রেসের সদর দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী-র হাত থেকে দলীয় পতাকা তুলে নিয়ে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে শামিল হন আন্দুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মালেক সেখ।

শুধু অঞ্চল সভাপতি একাই নন, এ দিন তাঁর সঙ্গে আন্দুলিয়া পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং একঝাঁক পঞ্চায়েত সদস্যও দলবদল করেছেন। এছাড়া ওই অঞ্চলের বেশ কয়েকজন স্থানীয় নেতৃত্ব ও সক্রিয় কর্মীও হাত শিবিরে যোগ দিয়েছেন। রাজনৈতিক মহলের মতে, দীর্ঘদিন ধরে যাঁরা স্থানীয় স্তরে সংগঠনের মূল দায়িত্ব সামলে আসছিলেন, তাঁদের এই দলবদলে কান্দি ব্লকে তৃণমূলের সাংগঠনিক ভিত কিছুটা হলেও নড়ে গেল।

নবাগতদের দলে স্বাগত জানিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী দাবি করেন, মুর্শিদাবাদে সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াইয়ে সত্যের পথ বেছে নিয়েছেন এই নেতারা। এই যোগদানের ফলে কান্দি অঞ্চলে কংগ্রেসের সংগঠন আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তিনি।

উল্লেখ্য, লোকসভা ও বিধানসভা নির্বাচনের ফলাফলের পর মুর্শিদাবাদের রাজনীতিতে কংগ্রেসের ঘুরে দাঁড়ানো নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়েছিল। সাম্প্রতিক এই দলবদল সেই জল্পনাকে আরও উসকে দিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *