বিমলের বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার! আইনি নোটিশ পাঠাল মহারাষ্ট্র FDA

বিমল এলাচির বিজ্ঞাপনে মুখ দেখিয়ে আইনি বিপাকে পড়েছেন বলিউডের তাবড় তারকারা। মহারাষ্ট্রে নিষিদ্ধ থাকা পান মশলার ছদ্মবেশী বা সারোগেট প্রচার করার অভিযোগে শাহরুখ খান, অজয় দেবগন এবং টাইগার শ্রফকে শো-কজ নোটিশ পাঠাল মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA)। সরকারি সূত্রের খবর, তিন অভিনেতার বাড়িতেই এই নোটিশ পাঠানো হয়েছে এবং অবিলম্বে এই ধরনের বিজ্ঞাপন প্রচার থেকে সরে দাঁড়ানোর কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

মহারাষ্ট্র এফডিএ সূত্রে জানা গিয়েছে, রাজ্যে তামাক ও পান মশলা বিক্রির বিরুদ্ধে বর্তমানে একটি বিশেষ অভিযান চলছে। সেই অভিযানের অংশ হিসেবেই এই তিন সুপারস্টারকে নোটিশ পাঠানো হয়েছে। সরকারি সংস্থার দাবি, বিজ্ঞাপনটিতে যেভাবে ‘বিমল এলাচি’ নামটি ব্যবহার করা হয়েছে, তা দেখে প্রাথমিকভবে মনে হচ্ছে এটি সরাসরি বিমল ব্র্যান্ডেরই প্রচার, যা মূলত পান মশলার সঙ্গে যুক্ত। কর্তৃপক্ষের মতে, এই ধরনের বিজ্ঞাপন গ্রাহকদের বিভ্রান্ত করতে পারে এবং পরোক্ষভাবে রাজ্যে নিষিদ্ধ থাকা পান মশলার ব্র্যান্ডের পরিচিতিকে চাঙ্গা করছে।

নোটিশে তিন অভিনেতাকে বিজ্ঞাপনে তাঁদের ভূমিকা এবং যুক্ত থাকার বিষয়টি পরিষ্কারভাবে ব্যাখ্যা করতে বলা হয়েছে। এফডিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে, বিজ্ঞাপনের উপস্থাপনা, সংলাপ, পণ্যের নাম এবং সামগ্রিক প্রেক্ষাপট মিলিয়ে এটি নিষিদ্ধ তামাকজাত পণ্যের পরোক্ষ প্রচার কি না, তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সাল থেকেই মহারাষ্ট্রে তামাক বা নিকোটিনযুক্ত গুটখা এবং পান মশলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বর্তমান কমিশনার তুকারাম মুন্ধের নেতৃত্বে মহারাষ্ট্র এফডিএ তামাক বিক্রি ও এর প্রচারের বিরুদ্ধে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে। নিষিদ্ধ পণ্যের অবৈধ ব্যবসা রুখতে পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কঠোর পদক্ষেপ গ্রহণ করছে রাজ্য প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *