বাইক অ্যাম্বুলেন্স পিছোলেও পুজোয় আসছে বড় চমক! দেবের নতুন ছবির পোস্টারেই ফাঁস মেগা সিক্রেট

স্বাধীনতা দিবসের বিশেষ সময়েই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল দেবের বহুল প্রতীক্ষিত ছবি ‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’-র। কিন্তু জিতের ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ছবিটিকে জায়গা করে দিতে শেষ মুহূর্তে মুক্তি পিছিয়ে দেওয়া হয় নন্দী মুভিজ এবং দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স প্রযোজিত ওই ছবিটির। তবে স্বাধীনতা দিবসের আবহে ভক্তদের নিরাশ করলেন না টলিউড সুপারস্টার। সব জল্পনার অবসান ঘটিয়ে খাস স্বাধীনতা দিবসের দিনই প্রকাশ্যে এল দেবের আসন্ন ছবি ‘দেশু ৭’-এর আকর্ষণীয় পোস্টার এবং মুক্তির তারিখ।
পোস্টারে রোম্যান্স ও অ্যাকশনের টুইস্ট
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের আসন্ন ছবি ‘দেশু ৭’-এর প্রথম লুক বা পোস্টার শেয়ার করেছেন দেব। পোস্টারটি প্রকাশ্যে আসতেই তা নিয়ে শোরগোল পড়ে গেছে অনুরাগীদের মধ্যে। পাহাড়ি প্রেক্ষাপটে তৈরি ওই পোস্টারে দেখা যাচ্ছে, একটি বাইকে বসে রয়েছেন দেব এবং তাঁর ঠিক কোলেই পরম যত্নে জড়িয়ে ধরে বসে রয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দু’জনের রসায়ন যে পর্দায় ফের ঝড় তুলতে চলেছে, তা বলাই বাহুল্য। পোস্টারে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘যতই আসুক না বাধা, তোমায় আমায় করা যাবে না আলাদা…। ওদের চোখে ভালবাসা, রক্তে আগুন।’ নির্মাতাদের তরফে জানানো হয়েছে, অ্যাকশন এবং রোম্যান্সের একদম নতুন এক অধ্যায়ের সাক্ষী থাকতে চলেছে দর্শক।
কবে মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’?
‘বাইক অ্যাম্বুলেন্স দাদা’ ছবির মুক্তি পিছলেও, ‘দেশু ৭’ পূর্বনির্ধারিত সময়ই বড়পর্দায় আসছে। অর্থাৎ আসছে পুজোতেই বক্স অফিসে ঝড় তুলতে আসছে দেব-শুভশ্রীর এই ছবি। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দেশু ৭’। এর আগে সোশ্যাল মিডিয়ায় ছবির বিভিন্ন শুটিংয়ের দৃশ্য ভাইরাল হয়েছিল। কখনও জ্বলন্ত শহরের মাঝে উল্টে থাকা গাড়ির ওপর নায়ক-নায়িকাকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, তো কখনও আবার নদীর ধারের রোম্যান্টিক লোকেশনে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা।
কাদের দেখা যাবে অভিনয়ে?
চলচ্চিত্রের অন্দরমহল সূত্রে খবর, এই ছবিতে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যেতে পারে, যার নাম নাকি ডঃ শুভস্মিতা চৌধুরী। যদিও তিনি পেশাদার চিকিৎসক নাকি কোনো ডক্টরেট ডিগ্রিধারী, তা এখনও নির্মাতারা পুরোপুরি খোলসা করেননি। তবে ঘনিষ্ঠ মহলের গুঞ্জন, ছবির গল্পের সঙ্গে রাজনীতিরও একটি যোগ থাকতে পারে। অন্যদিকে, নায়ক দেবকেও দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়। দুই চিকিৎসক মিলে বড়পর্দায় ঠিক কী গল্প বলতে চলেছেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে। দীর্ঘ বিরতির পর দেব ও শুভশ্রীর এই জনপ্রিয় জুটি সপ্তম বারের জন্য বড়পর্দায় ফিরছে। শুধু তাই নয়, পরিচালনা ও প্রযোজনার পাশাপাশি এই ছবির মূল গল্পটিও লিখেছেন স্বয়ং দেব। আর এই মেগা প্রজেক্টে দেব-শুভশ্রীর পাশাপাশি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।