পাক সেনার ওপর হামলার ছক! বেঙ্গালুরু থেকে ধৃত পশ্চিমবঙ্গের যুবকের বড় পরিকল্পনা ফাঁস

পাক সেনার ওপর হামলা তো বটেই, এমনকি ভারতেও বড় ধরনের নাশকতার ছক কষার অভিযোগে বেঙ্গালুরু থেকে গ্রেফতার হলো ২৫ বছর বয়সি এক যুবক। চাঞ্চল্যকর বিষয় হলো, ধৃত ওই যুবক আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং সে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (TTP)-এর এক সদস্যের সঙ্গে মিলে এই ষড়যন্ত্র করছিল বলে জানতে পেরেছে পুলিশ।

কীভাবে ফাঁদে পড়ল ধৃত যুবক?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম আসাফুল মল্লিক (২৫)। তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার নোয়াপাড়ার বাসিন্দা। গত ২০২৫ সালের ডিসেম্বর মাস থেকে বেঙ্গালুরুর জিগানি এলাকার একটি বেসরকারি কোম্পানিতে নিরাপত্তারক্ষী বা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করছিলেন তিনি। রুটিন মাফিক পেট্রোলিংয়ের সময় তাঁর সন্দেহজনক অনলাইন গতিবিধি পুলিশের নজরে আসে। এরপরই তাঁকে আটক করে জেরা শুরু হয়।

জেরায় আসাফুল স্বীকার করেছে যে, পাকিস্তানের বর্তমান পরিস্থিতি এবং ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতে দেশটির ভূমিকা নিয়ে তাঁর মনে তীব্র ক্ষোভ ও রাগ ছিল। সোশ্যাল মিডিয়া তথা ফেসবুকের মাধ্যমেই সে ইমরান হায়দর নামের এক আফগান নাগরিকের সংস্পর্শে আসে, যে আবার নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে যুক্ত।

আফগানিস্তান যাওয়ার পরিকল্পনা ও মগজধোলাই

তদন্তে উঠে এসেছে, আফগানিস্তানে যাওয়ার জন্য ওই আফগান নাগরিকের সাহায্য চেয়েছিল আসাফুল এবং ভিসার জন্যও আবেদন করেছিল। কিন্তু শেষ পর্যন্ত আর্থিক অনটনের কারণে সেই পরিকল্পনা বাতিল করতে বাধ্য হয় সে।

পুলিশ জানিয়েছে, সাইবার স্পেসের মাধ্যমে লাগাতার আসাফুলের মগজধোলাই করা হচ্ছিল। ভারতে যদি মুসলিমদের ওপর কোনো সমস্যা তৈরি হয়, তবে তার বদলা নিতে দেশের অভ্যন্তরেই হামলার জন্য তাঁকে প্ররোচনা দেওয়া হচ্ছিল। ধৃতের মোবাইল ফোন খতিয়ে দেখে ইমরান হায়দারের সঙ্গে তাঁর একাধিক চ্যাট ও ভয়েস কলের হদিশ মিলেছে। বর্তমানে তাকে জেরা করে এই নাশকতার নেপথ্যে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *