বন্দে ভারতের পর এবার বন্দে মেট্রো! মুম্বইয়ের লাইফলাইনে আসতে চলেছে চোখ ধাঁধানো বদল

বন্দে ভারত এক্সপ্রেস এবং বন্দে ভারত স্লিপারের সাফল্যের পর এবার ভারতীয় রেলের নতুন চমক— ‘বন্দে মেট্রো লোকাল’। সাধারণ লোকাল ট্রেনের চেনা রূপ বদলে এবার মুম্বইয়ের লাইফলাইনে যুক্ত হতে চলেছে অত্যাধুনিক প্রযুক্তির বন্দে মেট্রো। বাণিজ্য নগরীর যাত্রীদের জন্য সুখবর, এই বন্দে মেট্রোর এসি রেকগুলি পুরোপুরি দেশীয় প্রযুক্তিতে ভারতেই তৈরি হবে।
মুম্বইয়ের লাইফলাইনে বড় আপডেট
মুম্বই রেলওয়ে বিকাশ কর্পোরেশন (MRVC)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মুম্বইয়ের ভিড় সামলাতে এবং যাত্রীদের আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতে প্রায় ২৩৮টি নতুন এসি লোকাল রেক তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের জন্য আনুমানিক ১৯ হাজার ২৯৩ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বিদেশের ওপর নির্ভরতা কমিয়ে দেশীয় তিনটি কারখানাতেই এই রেকগুলো তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে থেকে মিলবে পরিষেবা?
জানা গেছে, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরি এবং রায়বরৈলির মর্ডার্ন কোচ ফ্যাক্টরিতে এই বন্দে মেট্রোর এসি কোচগুলি তৈরি হবে। এমআরভিসি-র চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর বিলাস ওয়াদেকর জানিয়েছেন, আগামী ২০২৭ সালের মধ্যেই ১২ কোচের প্রথম এসি লোকাল ট্রেনটি তৈরি হয়ে যাবে। ২০৩০ সালের মধ্যে প্রথম রেক লাইনে নামানোর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে এবং ২০৩৪ সালের মধ্যে ২৩৮টি রেকই যাত্রীদের সেবায় পুরোদমে চালু হয়ে যাবে।
রেল মন্ত্রকের দাবি, বিদেশ থেকে রেক আমদানি করলে ২০৩০ সালের আগে হাতে পাওয়া সম্ভব হতো না। কিন্তু দেশের কারখানায় কাজ শুরু হওয়ায় সেই সময় অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়েছে। মুম্বইয়ের ব্যস্ততম লাইফলাইনে এই বন্দে মেট্রো চালু হলে যাত্রীদের ভোগান্তি যে অনেকাংশে কমবে, তা বলাই বাহুল্য।