বঙ্গবিভূষণ খোয়ানোর পরও সুর নরম করলেন না অনন্ত মহারাজ! নেতাজি বিতর্ক নিয়ে দিলেন আজব যুক্তি

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা বিতর্কিত মন্তব্যের জেরে রাজ্যজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সম্মান খোয়ানোর পরেও নিজের অবস্থানে অনড় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। একদিকে যখন তাঁর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে এবং রাজ্য সরকার তাঁর ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহার করে নিয়েছে, তখন অন্যদিকে বৃহস্পতিবার সংসদ চত্বরে দাঁড়িয়ে অনন্ত মহারাজ পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া পদক্ষেপ এবং ‘আইন সবার জন্য সমান’—এই বার্তার প্রতিক্রিয়ায় অনন্ত মহারাজ বলেন, “মুখ্যমন্ত্রী খুব ভালো কথা বলেছেন, আইন সবার জন্যই সমান। কিন্তু আমি তো আমার কথা বলিনি। যা রেকর্ডে আছে, তাই সামনে এনেছি।”
নিজের দাবির স্বপক্ষে তিনি জানান, ‘ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া’ নামক একটি বইয়ের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন যে, নেতাজি যে এককভাবে দেশ স্বাধীন করেছেন, এমন কোনো তথ্য তাঁর কাছে নেই। অনন্ত মহারাজের দাবি, “আমি কেবল কোট (Quote) করেছি। আমি তো তাঁকে গুন্ডা বলিনি। আমি ভুল বলেছি কি না, তা প্রমাণ করতে হবে।”
অনন্ত মহারাজের কথায়, “আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করলে অবশ্যই ক্ষমা চাইতাম।” উল্লেখ্য, নেতাজিকে অপমান করার অভিযোগে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যজুড়ে তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতে বিক্ষোভ ও প্রতিবাদ অব্যাহত রয়েছে। শাসকদল থেকে শুরু করে সর্বস্তরে তাঁর এই বক্তব্যের সমালোচনা করা হচ্ছে, তবে অনন্ত মহারাজ এখন পর্যন্ত নিজের মন্তব্যের স্বপক্ষেই যুক্তি দিয়ে চলেছেন।