বৃষ্টির রাতে গাড়ি চালাচ্ছেন? হেডলাইটের এই ছোট্ট ভুলে বড় বিপদের মুখে পড়তে পারেন!

বৃষ্টি ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় রাস্তায় নিরাপদে গাড়ি চালানোর জন্য স্পষ্ট দৃশ্যমানতা অত্যন্ত জরুরি। বিশেষ করে রাতে গাড়ি ড্রাইভ করার সময় পরিষ্কার হেডলাইট রাস্তার দৃশ্যমানতা বহুগুণ বাড়িয়ে দেয় এবং বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি কমায়।
তবে সময়ের সঙ্গে সঙ্গে গাড়ির হেডলাইটে ধুলোবালি, তেলচিটে ময়দা, বৃষ্টির জল এবং আর্দ্রতা জমে একরকম ঘোলাটে স্তর তৈরি হয়। এর ফলে লেন্সের আলো নিষ্প্রভ হয়ে পড়ে। কিন্তু এই সমস্যার সমাধানের জন্য সবসময় মেকানিক বা পেশাদার সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় না। ঘরের সাধারণ কিছু উপাদান দিয়েই গাড়ির হেডলাইট নতুনের মতো চকচকে রাখা সম্ভব। বর্ষার দিনে গাড়ির হেডলাইট পরিষ্কার রাখার জন্য রইল দারুণ পাঁচটি সহজ উপায়:
১. বাসন ধোওয়ার সাবান ও গরম জল
দৈনন্দিন ধুলোবালি ও ময়লা দূর করার জন্য হালকা ডিশ সোপ এবং উষ্ণ জলই যথেষ্ট। এই মিশ্রণে একটি নরম মাইক্রোফাইবারের কাপড় ডুবিয়ে হেডলাইটের উপরিভাগ আলতো করে মুছে নিন। এরপর পরিষ্কার জল দিয়ে লেন্সটি ধুয়ে অন্য একটি শুকনো কাপড় দিয়ে ভালোভাবে মুছে ফেললে জলের দাগ দূর হয়ে যাবে।
২. জলের দাগ দূর করতে ভিনেগারের ব্যবহার
বৃষ্টির জলে থাকা খনিজ পদার্থের কারণে অনেক সময় হেডলাইটে জেদি সাদা বা ঘোলাটে দাগ বসে যায়। এই সমস্যা মেটাতে সমপরিমাণ সাদা ভিনেগার ও জল মিশিয়ে একটি দ্রবণ তৈরি করুন। মিশ্রণটি সরাসরি হেডলাইটে না লাগিয়ে নরম কাপড়ে নিয়ে আলতো হাতে লেন্সটি পরিষ্কার করুন। শেষে জল দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে নিন।
৩. বেকিং সোডার পেস্ট
হেডলাইটে হালকা ঘোলাটে ভাব বা ময়লার আস্তরণ দেখা দিলে বেকিং সোডা ও সামান্য জলের পেস্ট দারুণ কার্যকরী। একটি নরম কাপড়ে এই পেস্ট লাগিয়ে লেন্সের ওপর আলতোভাবে বৃত্তাকার গতিতে ঘষতে হবে। তবে মনে রাখবেন, বেকিং সোডা কিছুটা ঘর্ষণকারী হওয়ায় এটি প্রতিদিন ব্যবহার না করে শুধুমাত্র প্রয়োজন পড়লেই ব্যবহার করা উচিত।
৪. আইসোপ্রোপাইল অ্যালকোহল
রাস্তায় যাতায়াতের সময় অনেক সময় হেডলাইটে তৈলাক্ত আস্তরণ বা গ্রিজ জমে যায়, যা সাধারণ জলে পরিষ্কার করা কঠিন। এই ক্ষেত্রে নরম কাপড়ে সামান্য আইসোপ্রোপাইল অ্যালকোহল নিয়ে আলতো করে মুছে নিলে তেলতেলে ভাব নিমিষে দূর হয়ে যায়। পরিষ্কারের পর শুকনো মাইক্রোফাইবারের কাপড় দিয়ে পৃষ্ঠটি মুছে নিতে হবে।
৫. তাজা কাদা অবিলম্বে পরিষ্কার করুন
বৃষ্টির মরসুমে গাড়ি চালানোর পর হেডলাইটে কাদা জমে যাওয়া খুবই সাধারণ ঘটনা। কাদা শুকিয়ে শক্ত হওয়ার আগেই তা পরিষ্কার করা বুদ্ধিমানের কাজ। ঈষদুষ্ণ জলে ভেজানো মাইক্রোফাইবারের কাপড় দিয়ে খুব বেশি চাপ না দিয়ে আলতোভাবে মুছলে প্লাস্টিকের লেন্সে আঁচড় পড়ার ঝুঁকি থাকে না।
এই সহজ পদক্ষেপগুলি মেনে চললে একদিকে যেমন অতিরিক্ত খরচ বাঁচবে, তেমনই বর্ষা ও কুয়াশার রাতে গাড়ি চালানো অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে।