খাড়গের সভার পর মঞ্চে ‘শুদ্ধিকরণ’ যজ্ঞ! রাজনীতির অন্দরে চরম জলঘোলা, কী সাফাই দিল বিজেপি?

চলতি সংসদের বর্ষাকালীন অধিবেশনের শেষ দিনে রাজনৈতিক উত্তাপ চরমে উঠল। উত্তরাখণ্ডের হালদওয়ানিতে প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের রাজনৈতিক সভার পর ওই মঞ্চে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ‘শুদ্ধিকরণ’ যজ্ঞ করার অভিযোগ উঠল। আর এই ঘটনাকে কেন্দ্র করেই শাসক ও বিরোধী শিবিরের মধ্যে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তর্জা।

ঠিক কী অভিযোগ খাড়গের?

এদিন সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মল্লিকার্জুন খাড়গে অভিযোগ করেন, সম্প্রতি তিনি হালদওয়ানির রামলীলা ময়দানে একটি জনসভায় বক্তব্য রেখেছিলেন, যেখানে লক্ষাধিক মানুষ উপস্থিত ছিলেন। তাঁর দাবি, সেই ভাষণে তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায় বা ধর্মের নাম নেননি, শুধুমাত্র সরকারের বিভিন্ন ব্যর্থতা ও জনসমস্যার কথাই তুলে ধরেছিলেন। কিন্তু তাঁর বক্তব্য শেষ হওয়ার পরেই বিজেপি সমর্থকরা ওই মঞ্চে যজ্ঞ করে ‘শুদ্ধিকরণ’ করেছে। ক্ষোভ প্রকাশ করে খাড়গে বলেন, “আমি দেশের বিরোধী দলনেতা। গণতন্ত্রে কি এই ধরনের আচরণই কাম্য? আপনারা ঠিক কীভাবে সংবিধান রক্ষা করছেন?”

কংগ্রেসের রাজ্য সভাপতি গণেশ গোদিয়ালের অভিযোগ, যে ‘শ্রী রাম সেনা’ এই যজ্ঞ করেছে, তাদের সঙ্গে সরাসরি বিজেপির যোগ রয়েছে। খাড়গে দলিত সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হওয়ার কারণেই এই ধরনের অপমানজনক কাজ করা হয়েছে বলেও অভিযোগ তোলে কংগ্রেস শিবির।

কী জানিয়েছে বিজেপি?

কংগ্রেস নেতার এই অভিযোগ সামনে আসার পরেই অস্বস্তি এড়াতে আসরে নামে শাসক দল। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে অভিহিত করেছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, বিজেপি কখনো এই ধরনের ক্রিয়াকলাপকে সমর্থন করে না। কংগ্রেস নেতার ভাবাবেগে আঘাত লাগায় গভীর দুঃখ প্রকাশ করে নাড্ডা বলেন, “খাড়জি যা বলেছেন তা অত্যন্ত বেদনাদায়ক। বিজেপি এই ধরনের সংস্কৃতিকে প্রশ্রয় দেয় না। তবে পুরো বিষয়টি নিয়ে আমরা তদন্ত করে দেখব এবং দলের জাতীয় সভাপতিও বিষয়টি খতিয়ে দেখবেন।”

বর্ষাকালীন অধিবেশনের একেবারে শেষ মুহূর্তে এই বিতর্কিত ঘটনা জাতীয় রাজনীতির আঙিনায় নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং নেপথ্যের সত্যতা সামনে আনার দাবি তুলেছে বিরোধী শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *