বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারতের তুমুল জনপ্রিয়তা! কোন রুটে ট্রেনগুলিতে রেকর্ড ভাঙল যাত্রী সংখ্যা?

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের (Northeast Frontier Railway) অধীন চালুকৃত আধুনিক বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত ট্রেন পরিষেবাগুলি নিয়ে যাত্রীদের মধ্যে উন্মাদনা এখন তুঙ্গে। রেলযাত্রীদের কাছ থেকে এই ট্রেনগুলিতে ধারাবাহিক ও উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে, যা দেশের আধুনিক, আরামদায়ক ও দক্ষ রেল সংযোগ ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের ক্রমবর্ধমান আস্থারই এক বড় প্রতিফলন।
নতুন ট্রেন চালুর উদ্যোগ ও সাফল্য
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই মাসের মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়েতে মোট ১৪ জোড়া নতুন ট্রেন চালু করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ জোড়া বন্দে ভারত স্লিপার, ৮ জোড়া অমৃত ভারত ট্রেন, ৩ জোড়া দূরপাল্লার মেল/এক্সপ্রেস এবং ২ জোড়া মেল/এক্সপ্রেস ইন্টারসিটি ট্রেন। এই আধুনিক সংযোজনগুলি চালু হওয়ার পর থেকেই যাত্রীদের কাছ থেকে অভূতপূর্ব সাড়া মিলছে।
বন্দে ভারত স্লিপার ও অমৃত ভারতের দারুণ অকুপেন্সি
রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই রুটের ট্রেনগুলির যাত্রী-অকুপেন্সি বা আসন দখলের হার তাক লাগিয়ে দেওয়ার মতো:
কামাখ্যা-হাওড়া বন্দে ভারত স্লিপার: কামাখ্যা ও হাওড়ার মধ্যে চলাচলকারী এই হাই-স্পিড স্লিপার ট্রেনটিতে যাত্রীদের ব্যাপক চাহিদা লক্ষ করা গেছে। ট্রেন নং ২৭৫৭৬ (কামাখ্যা-হাওড়া) রুটে ১০৩% এবং ট্রেন নং ২৭৫৭৫ (হাওড়া-কামাখ্যা) রুটে আকাশছোঁয়া ১২৬% অকুপেন্সি রেকর্ড করা হয়েছে।
অমৃত ভারত এক্সপ্রেস: এই পরিষেবাগুলিতেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। যেমন—
ট্রেন নং ২০৬০৯ (নিউ জলপাইগুড়ি – তিরুচিরাপল্লি): ১৫৯%
ট্রেন নং ২০৬০৬/২০৬১০ (তিরুচিরাপল্লি – নিউ জলপাইগুড়ি): ১৫০%
ট্রেন নং ২০৬০৩ (নিউ জলপাইগুড়ি – নাগেরকয়েল): ১৭৩%
ট্রেন নং ২০৬০৪ (নাগেরকয়েল – নিউ জলপাইগুড়ি): ১৬০%
অন্যান্য দূরপাল্লার ট্রেনের অবস্থাও দুর্দান্ত
শুধু বন্দে ভারত বা অমৃত ভারতই নয়, অন্যান্য নতুন বা বর্ধিত পরিষেবাগুলিতেও দারুণ যাত্রী প্রতিক্রিয়া দেখা গিয়েছে। যেমন—
ট্রেন নং ১৫৬৭১ (কামাখ্যা-রোহতক): ১৩৮%
ট্রেন নং ১৫৯৫০ (গোমতী নগর-ডিব্রুগড়): ১৪৪%
ট্রেন নং ১৬৫৯৭ (এসএমভিটি বেঙ্গালুরু-আলিপুরদুয়ার জং.): ১৫১%
ট্রেন নং ১৫৬৭৩ (চারলাপল্লি-কামাখ্যা): ১৩৫% রেকর্ড অকুপেন্সি হয়েছে।
রেলের বক্তব্য
উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এই প্রসঙ্গে জানিয়েছেন, যাত্রীদের এই বর্ধিত সংখ্যা ও বিপুল উৎসাহ স্পষ্টভাবে নির্দেশ করে যে, সাধারণ মানুষ এখন ক্রমশঃ উন্নত সংযোগ ব্যবস্থা, আরও আরামদায়ক ভ্রমণ এবং উন্নততর সুযোগ-সুবিধাযুক্ত রেলযাত্রাকেই সবচেয়ে বেশি পছন্দ করছেন। যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করা এবং যাত্রীদের জন্য আধুনিক ও উন্নত বিকল্প ভ্রমণ-ব্যবস্থা উপলব্ধ করানোর ক্ষেত্রে ভারতীয় রেলওয়ের নিরন্তর প্রচেষ্টার যে এক ইতিবাচক প্রভাব পড়েছে, এই পরিসংখ্যান তারই প্রমাণ।