স্বাধীনতা দিবসের আগেই ফের নিম্নচাপের চোখ রাঙানি! ১৫ অগাস্ট পর্যন্ত কোন জেলাগুলিতে চরম সতর্কতা?

রাজ্যের ওপর ফের ঘনিয়ে আসছে নিম্নচাপের ভ্রুকুটি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি নতুন নিম্নচাপের সৃষ্টি হয়েছে, যা আরও শক্তি সঞ্চয় করে দক্ষিণবঙ্গের কাছাকাছি এগিয়ে আসছে। এই নিম্নচাপের প্রভাবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। এই ক’দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা?
আবহাওয়া দফতর জানাচ্ছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছিল। তার জেরে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে এই নিম্নচাপটি তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

এর প্রভাবে কলকাতা, হাওড়া, হুগলি এবং সংলগ্ন বিভিন্ন এলাকার পাশাপাশি পশ্চিমাঞ্চলের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার সকাল থেকেই আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকাগুলিতে। বিশেষ করে উপকূলবর্তী ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা ও হাওড়াতেও বুধবারের জন্য ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে।

আবহাওয়া দফতরের বিশেষ সতর্কতা ও পরামর্শ
টানা বৃষ্টির পাশাপাশি ঘনঘন বজ্রপাতের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। সাম্প্রতিককালে ঝড়বৃষ্টির সময় প্রবল বজ্রপাতে একাধিক প্রাণহানির মর্মান্তিক ঘটনা ঘটেছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে আবহাওয়াবিদরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। ঝড়বৃষ্টির সময় আকাশ ডাকলে বা বজ্রপাতের আশঙ্কা থাকলে খোলা জায়গায় না থেকে অবিলম্বে কোনো পাকা বাড়ি বা কংক্রিটের ছাদের নিচে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *