গ্রামে বাড়ি তৈরিতে কড়া নিয়ম! শহরের আদলে নকশা অনুমোদন বাধ্যতামূলক করছে পঞ্চায়েত দফতর, ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

শহরের পাশাপাশি এবার থেকে গ্রামাঞ্চলেও নির্দিষ্ট নকশা অনুমোদন করিয়ে এবং নির্দিষ্ট নিয়ম মেনেই বাড়ি তৈরি করতে হবে। যথেচ্ছ নির্মাণ ও জলাশয় ভরাট করার প্রবণতা ঠেকাতে খুব শীঘ্রই এই সংক্রান্ত নতুন বিধি কার্যকর করতে চলেছে রাজ্যর পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দফতর। সম্প্রতি এক প্রেস বিবৃতিতে এই কথা স্পষ্ট জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

জলাশয় ভরাট ও জলমগ্নতা রোধে বড় পদক্ষেপ
সাম্প্রতিক বৃষ্টিতে কলকাতা সহ বিভিন্ন মফস্বল ও শহরাঞ্চলের জলমগ্ন পরিস্থিতি নিয়ে মুখ খুলতে গিয়ে মন্ত্রী জানান, বর্ষার জল জমার সমস্যার পেছনে পুকুর, খাল এবং ড্রেন বুজিয়ে যত্রতত্র বাড়ি তৈরি করা অন্যতম প্রধান কারণ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “প্রতি বছর অগাস্ট-সেপ্টেম্বরে বৃষ্টি হয়, জল জমে মানুষের ভোগান্তি হয়। এর কোনো শর্টকাট সমাধান নেই। শুধু কলকাতা কেন, বাকি শহরগুলির দিকে দেখুন—চারিদিকে একই অবস্থা। পুকুর ও ড্রেন বন্ধ করে বেআইনিভাবে বাড়ি বানিয়ে নেওয়া হয়েছে। যে পুকুরগুলিতে জল জমা হত, সেই জলাশয়গুলিই আজ আর নেই।”

পঞ্চায়েত এলাকায় আসছে নতুন আইন
এতদিন পঞ্চায়েত এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কড়া আইন ছিল না, মাত্র এক পাতার একটি নির্দেশিকার ওপর ভিত্তি করেই কাজ হতো। এই সুযোগকে কাজে লাগিয়ে বহু মানুষ গ্রামে বড় বড় বহুতল ও ফ্ল্যাট তৈরি করে রাস্তা এবং নিকাশি নালা আটকে দিয়েছেন। ফলস্বরূপ, শহর ও গ্রামের মাঝামাঝি গড়ে ওঠা তথাকথিত ‘রারবান’ (Rurban) এলাকাগুলিতে নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে।

এই পরিস্থিতি মোকাবিলায় অন্যান্য রাজ্যের বিদ্যমান আইনগুলি খুঁটিয়ে দেখে একটি নতুন এবং যুগোপযোগী খসড়া আইন তৈরি করেছে পঞ্চায়েত দফতর। ইতিমধ্যে আইনটি সংশ্লিষ্ট সিস্টেম ও অর্থ দফতরের অনুমোদন পেরিয়ে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত নতুন বিধি কার্যকর করা হবে, যার ফলে শহরের মতোই এবার থেকে গ্রামেও বাড়ি তৈরির ক্ষেত্রে কঠোর নিয়ম ও নকশার অনুমোদন বাধ্যতামূলক হতে চলেছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *