সপ্তম বেতন কমিশন নিয়ে সোশ্যাল মিডিয়ায় হু হু করে ছড়াচ্ছে ভুয়ো নথি! বড় সতর্কবার্তা দিল নবান্ন

নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) নিয়ে কৌতূহল ও উন্মাদনার শেষ নেই। নতুন বেতন কাঠামোগত পরিবর্তনে ইন-হ্যান্ড স্যালারি ঠিক কতখানি বাড়তে চলেছে, তা জানতে উদগ্রীব কর্মীরা। এই সুযোগেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভুয়া খবর ও অনুমোদনহীন নথি ছড়িয়ে পড়ার প্রবণতা বেড়েছে। এই পরিস্থিতিতে বিভ্রান্তি এড়াতে এবার কঠোর পদক্ষেপ করল রাজ্য সরকার এবং নবান্নের তরফে একটি ডেডিকেটেড সরকারি ওয়েবসাইট চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নবান্নে সপ্তম পে কমিশনের প্রথম বৈঠক
সম্প্রতি নবান্নে রাজ্য সরকারের গঠিত সপ্তম বেতন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন স্বশাসিত সংস্থা, কর্পোরেশন ও সরকারি দফতরের বর্তমান আর্থিক পরিস্থিতি এবং কাজের রূপরেখা নিয়ে প্রাথমিক আলোচনা হয়। বৈঠক সূত্রে জানা গিয়েছে, খুব শীঘ্রই একটি সরকারি ওয়েবসাইট লঞ্চ করা হবে, যেখানে কমিশনের কাজ সংক্রান্ত সমস্ত ধরনের প্রামাণ্য তথ্য ও আপডেট পাওয়া যাবে।
সোশ্যাল মিডিয়ার ভুয়ো নথি নিয়ে কমিশনের কড়া সতর্কতা
বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সপ্তম বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত একটি ‘অনুমোদনহীন’ নথি ভাইরাল হওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কমিশন। ওই নথিতে থাকা সমস্ত তথ্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর এবং পুরোপুরি যাচাই না-করা বলে দাবি করা হয়েছে।
কমিশনের স্পষ্ট বক্তব্য— সবেমাত্র কাজ শুরু হয়েছে, এখনও পর্যন্ত কমিশন কোনো ধরনের সুপারিশই পেশ করেনি। তাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তথ্যের ওপর অন্ধবিশ্বাস না করার জন্য সংশ্লিষ্ট সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
সপ্তম বেতন কমিশন এক নজরে
রাজ্য সরকারি কর্মীদের বেতন, ভাতা, পেনশন এবং চাকরির বিভিন্ন পরিষেবাগত শর্ত পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে নতুন সুপারিশ পেশ করার জন্য গঠিত হয়েছে পশ্চিমবঙ্গের ৭ম পে কমিশন।
চেয়ারম্যান: এই কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়া হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস (IAS) আধিকারিক অতনু চক্রবর্তীকে।
সদস্যবৃন্দ: কমিশনে সদস্য হিসেবে রয়েছেন বিশিষ্ট গবেষক পার্থ মুখোপাধ্যায় এবং আইআইএম (IIM) কলকাতার অর্থনীতির অধ্যাপক পার্থ প্রতিম পাল।
সদর দফতর: কলকাতার এই কমিশন বর্তমান সময়ের অর্থনৈতিক চাহিদা অনুযায়ী সরকারি কর্মীদের বেতন কাঠামো, বিভিন্ন ভাতা এবং অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা খতিয়ে দেখে নবান্নের কাছে তাদের নতুন সুপারিশ জমা দেবে।