একটি ভুয়ো লিঙ্কেই ফাঁকা হতে পারে প্রভিডেন্ট ফান্ডের টাকা! বড় সতর্কবার্তা জারি করল EPFO

ডিজিটাল যুগে প্রভিডেন্ট ফান্ড (EPF) সংক্রান্ত পরিষেবা অনলাইনে পাওয়ার প্রবণতা যেমন বাড়ছে, তেমনই লাফিয়ে বাড়ছে সাইবার অপরাধের ঘটনাও। এই পরিস্থিতিতে সমস্ত PF সদস্যদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কড়া সতর্কবার্তা জারি করল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন (EPFO)। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ‘এক্স’ (X)-এ একটি পোস্ট করে EPFO পরিষ্কার জানিয়েছে—”ক্লিক করার আগে দু’বার ভাবুন!” অনলাইন জালিয়াতি এড়াতে সদস্যদের সবসময় সতর্ক থাকতে, ভুয়ো লিঙ্ক এড়িয়ে চলতে এবং সবসময় ওয়েবসাইটের সঠিক URL যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতারণার নতুন ফন্দি
ডিজিটাল মাধ্যমকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে সক্রিয় হয়েছে সাইবার অপরাধীরা। সরকারি বা অফিশিয়াল প্ল্যাটফর্মের মতো দেখতে অবিকল ভুয়ো ওয়েবসাইট এবং লিঙ্ক তৈরি করে তারা ফাঁদ পাতছে। অপরিচিত এসএমএস, ইমেল বা সোশ্যাল মিডিয়ায় আসা যেকোনো লিঙ্কে ক্লিক করার আগে বা সেখানে ব্যক্তিগত ও অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেওয়ার আগে তা ভালোভাবে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে EPFO। বিশেষ করে যে সমস্ত লিঙ্কে অ্যাকাউন্ট বা স্পর্শকাতর তথ্য (যেমন- এটিএম পিন, ওটিপি ইত্যাদি) চাওয়া হয়, সেগুলি থেকে শতহস্ত দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
EPFO-র দেওয়া ৬টি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা:
১. অফিশিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন: অন্য কোনও অচেনা লিঙ্কে ক্লিক না করে শুধুমাত্র EPFO-র নির্দিষ্ট ও অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। জালিয়াতি চক্র আসল সাইটের আদলে ভুয়ো লিঙ্ক ছড়াতে পারে।
২. অপরীক্ষিত লিঙ্কে ক্লিক নিষেধ: এসএমএস, সোশ্যাল মিডিয়া বা ইমেলের মাধ্যমে আসা যেকোনো ভুয়ো বা অপ্রমাণিত লিঙ্কে ভুলেও ক্লিক করবেন না।
৩. গোপন তথ্য শেয়ার নয়: অফিশিয়াল ওয়েবসাইট ছাড়া অন্য কোথাও নিজের ইউএএন (UAN), পাসওয়ার্ড, [Aadhaar Redacted], প্যান কার্ড, ব্যাঙ্ক ডিটেইলস বা ওটিপি (OTP) টাইপ করবেন না। সামান্য ভুলেই বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে।
৪. URL ভালোভাবে যাচাই করুন: লগইন করার আগে ওয়েবসাইটের ঠিকানা বা URL অত্যন্ত সতর্কতার সঙ্গে খতিয়ে দেখুন। বানান ভুল বা সন্দেহজনক ডোমেন নেম দেখলে তৎক্ষণাৎ সতর্ক হন।
5. সংশয় থাকলে সাহায্য নিন: কোনো বিষয় নিয়ে সন্দেহ বা বিভ্রান্তি থাকলে দেরি না করে সরাসরি EPFO-র অফিশিয়াল হেল্পলাইন ডেটসে যোগাযোগ করে বিষয়টি জানান।
৬. গোপন নম্বর চায় না EPFO: EPFO-র তরফে কখনোই ফোন কল, এসএমএস, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়া বা ইমেলের মাধ্যমে কোনো সাবস্ক্রাইবারের কাছে ওটিপি (OTP), ব্যক্তিগত তথ্য বা লগইন শংসাপত্র চাওয়া হয় না।
সাইবার প্রতারণার এই জাল থেকে বাঁচতে এবং নিজেদের কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে EPFO-র এই নির্দেশিকাগুলি মেনে চলা এখন অত্যন্ত জরুরি।