বাড়িতেই ক্যান্ডেল লাইট ডিনার আর এক তোড়া গোলাপ! ভালোবাসার ১ বছর পূর্তিতে কী কাণ্ড করলেন সৌমি-দেবজ্যোতি?

রিল লাইফে যাঁরা একে অপরের শালি ও জামাইবাবু, তাঁরাই এখন রিয়েল লাইফে একে-অপরের প্রেমে মজে। দেখতে দেখতে সম্পর্কের ১ বছরও পার করে ফেলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী সৌমি চক্রবর্তী (Soumi Chakraborty) ও অভিনেতা দেবজ্যোতি রায়চৌধুরী (Debajyoti Roychowdhury)। হামেশাই তাঁরা সোশ্যাল মিডিয়ার পাতায় নিজেদের প্রেমের নানা মিষ্টি মুহূর্ত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। আর এবার ভালোবাসার মানুষকে নিয়ে একেবারে ঘরোয়া ও রোম্যান্টিক থিমে নিজেদের বাড়িকেই সাজিয়ে তুললেন এই তারকা জুটি। মোমবাতির নরম আলো, পছন্দের সুস্বাদু খাবার আর ভালোবাসার মানুষ পাশে—সব মিলিয়ে এক দারুণ ডেট নাইটের ছবি সামনে এসেছে।
রোম্যান্টিক ডেট নাইট ও ঘরোয়া আয়োজন
বাড়িতেই অত্যন্ত যত্ন করে সাজুগুজু করেছিলেন এই জুটি। সৌমিকে এদিন একটি সুন্দর শাড়িতে দেখা যায়, অন্যদিকে বউয়ের সঙ্গে রং মিলান্তি করে কালো রঙের ক্যাজুয়াল টি-শার্ট পরেছিলেন দেবজ্যোতি। খাবার টেবিল সাজানো হয়েছিল মোমবাতির আলোয়। টেবিলে রাখা ছিল এক তোড়া লাল গোলাপ ফুল আর মেনুতে বিশেষ আকর্ষণ হিসেবে ছিল পাস্তা।
বাড়িতেই এমন চমৎকার রোম্যান্টিক ডিনারের কিছু সুন্দর ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সৌমি ক্যাপশনে লিখেছেন, ‘বাইরে যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তবুও সন্ধ্যাটা হয়ে গেল ভীষণ স্পেশাল! একটু আলো, পছন্দের খাবার, অনেকটা গল্প আর প্রিয় মানুষটা পাশে। ব্যস, আমাদের ছোট্ট ঘরটাই হয়ে উঠল সবচেয়ে সুন্দর ডেট নাইট-এর ঠিকানা।’
অতীতে ট্রোল ও সম্পর্কের নানা চড়াই-উতরাই
‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে কাজ করার সময় একে-অপরের কাছাকাছি আসেন এবং প্রেমে পড়েন সৌমি ও দেবজ্যোতি। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই খোলামেলা স্বভাবের সৌমি। আর এই কারণে বহুবার সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। নেটিজেনদের একাংশ তাঁর অতীত সম্পর্ক নিয়ে আজও কাটাছেঁড়া করতে পিছপা হন না।
দেবজ্যোতির সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর পৃথ্বীশের সঙ্গে গভীর প্রেমে মগ্ন ছিলেন সৌমি। এমনকি তাঁরা একসঙ্গে লিভ-ইনও করতেন এবং নিয়মিত ডেইলি ভ্লগ শেয়ার করতেন। দুই পরিবারের তরফ থেকে বিয়ের কথাও পাকা হয়ে গিয়েছিল। কিন্তু আচমকাই সেই সম্পর্কে ফাটল ধরে এবং বিচ্ছেদ হয়। তার কিছুদিন পরেই দেবজ্যোতি প্রবেশ করেন সৌমির জীবনে। এর আগেও অন্য একটি সম্পর্কের কারণে নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়েছে সৌমিকে। তবে এই সমস্ত নেতিবাচকতাকে নিজেদের জীবনে এক ফোঁটাও পাত্তা দিতে রাজি নন সৌমি বা দেবজ্যোতি কেউই।
শ্যুটিং সেটের মাঝেই বিয়ের প্রস্তাব
ইতিমধ্যে সৌমিকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলেছেন দেবজ্যোতি। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্যুটিং চলাকালীন একটি দৃশ্যে সৌমির সিঁথিতে সিঁদুর পরানোর কথা ছিল দেবজ্যোতির। আর সেই দৃশ্য শ্যুট করার সময়ই নাকি বাস্তবের হবু বউকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন অভিনেতা!
পরবর্তীতে এই বিষয়ে দেবজ্যোতি জানান যে, শ্যুটিংয়ের ওই বিশেষ মুহূর্তটার পরেই তাঁর মনে হয়েছিল যে সৌমিকেই তিনি জীবনসঙ্গী হিসেবে পেতে চান। অন্যদিকে, লজ্জায় লাল হয়ে সৌমি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ‘ও আমাকে কোনো প্রচলিত প্রেম প্রস্তাব দেয়নি বা ভালোবাসি কি না তাও বলেনি, ও সোজা আমায় বিয়ের কথা বলেছিল!’ সৌমির মুখে ‘হ্যাঁ’ শোনার পর দুই পরিবারই এই সম্পর্কের কথা জেনেছেন এবং পারিবারিকভাবেই বিয়ের সম্মতি মিলেছে। এখন শুধু অপেক্ষা চার হাত এক হওয়ার!