চুরি যাওয়ার ভয়ে ৫ লক্ষ টাকা মাটির নিচে পুঁতে রাখলেন কৃষক! তারপর যা হলো দেখলে আঁতকে উঠবেন

জমানো টাকা যাতে চোর-ডাকাত বা অকারণে খরচ না হয়ে যায়, সেই আশঙ্কায় বুদ্ধিমত্তা খাটিয়ে নিজের জমিতে নগদ ৫ লক্ষ টাকা পুতে রেখেছিলেন এক ব্যক্তি। ভেবেছিলেন, বিপদে-আপদে ওই গচ্ছিত অর্থই তাঁর পরিবারকে রক্ষা করবে। কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আর এক! ঠিক কোথায় টাকাটা রেখেছিলেন, তা বেমালুম ভুলেই যান গৃহকর্তা। অবশেষে যখন দীর্ঘ দিন পর সেই লুকোনো ক্যাশের খোঁজ মিলল, ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। মাটির নিচে থাকা পলিথিনের ব্যাগ কেটে কড়কড়ে ৫০০ টাকার নোটগুলোকে একেবারে ঝাঁঝরা করে দিয়েছে উইপোকার দল!

ঠিক কীভাবে ৫ লক্ষ টাকা মাটিচাপা দিয়েছিলেন?
অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভালোত্রা (Balotra) জেলার নেভাই গ্রামে। ওই গ্রামের বাসিন্দা মাঙ্গি লাল মেঘওয়াল গত বছর পাঁচপাদ্রা এলাকায় নিজের একটি জমি বিক্রি করে নগদ ৫ লক্ষ টাকা পেয়েছিলেন। তাঁর ইচ্ছা ছিল, সেই টাকা দিয়ে নিজের কৃষিজমিতে একটি পাকা ঘর তৈরি করবেন। পরিবারে স্ত্রী ও ছেলেরা থাকলেও, মাঙ্গি লালের তীব্র ভয় ছিল যে বাড়িতে অত টাকা ক্যাশ রাখলে চুরি হয়ে যেতে পারে অথবা কোনো কারণে হাতছাড়া হয়ে যেতে পারে। তাই পরিবারের কাউকেও কিছু না জানিয়ে তিনি একটি পলিথিনের ব্যাগে সমস্ত নগদ টাকা ভরে নিজের জমির মাটির নিচে গর্ত খুঁড়ে পুঁতে দিয়েছিলেন।

টাকার কথা বেমালুম ভুলে গেলেন গৃহকর্তা
তবে মাঙ্গি লালের ভুলোমনা স্বভাব এবং অতিরিক্ত মদ্যপানের অভ্যাসের কারণে কিছুদিন বাদেই মারাত্মক বিপত্তি ঘটে। ঠিক কোন নির্দিষ্ট জায়গায় তিনি টাকার ব্যাগটি পুঁতেছিলেন, তা তাঁর মাথা থেকে সম্পূর্ণ বেরিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও যখন মনে করতে পারলেন না, তখন উপায় না দেখে বাধ্য হয়ে স্ত্রী ও ছেলেদের কাছে সমস্ত ঘটনা খুলে বলেন তিনি। প্রথমে পরিবারের সদস্যরা তাঁর কথা বিশ্বাস না করলেও, পরে দীর্ঘ ১০ বিঘা জমি জুড়ে কোদাল ও শাবল নিয়ে খোঁড়াখুঁড়ি শুরু করেন। কিন্তু সেই সময় কোথাও ওই টাকার ব্যাগের কোনো সন্ধান মেলেনি।

ব্যাগ খুলতেই মাথায় বাজ!
সম্প্রতি এলাকায় প্রবল বৃষ্টি হওয়ার পর জমি চাষের উপযোগী করে তোলার জন্য যখন মাটির হাল ফেরানোর কাজ শুরু হয়, ঠিক তখনই অলৌকিকভাবে মাটির তলা থেকে সেই প্লাস্টিকের ব্যাগটি ওপরের দিকে উঠে আসে। পরদিন সকালে জমিতে বেড়া দেওয়ার সময় মাঙ্গি লালের স্ত্রী ও ছেলের চোখে ব্যাগটি পড়ে।

কিন্তু উৎসাহ নিয়ে ব্যাগ খুলতেই তাঁদের মাথায় আকাশ ভেঙে পড়ে! পলিথিনের ব্যাগের ভেতরে থাকা ৫০০ টাকার নোটের বান্ডিলগুলির বারোটা বাজিয়ে দিয়েছে উইপোকা। পচে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া আর উইপোকার কেটে কুচকে দেওয়া কাগজের টুকরো ছাড়া ব্যাগের ভেতরে অবশিষ্ট আর কিছুই ছিল না!

ব্যাঙ্কের দ্বারস্থ হয়েও মিলল না সুরাহা
সর্বস্ব হারানোর পর শেষ চেষ্টা হিসেবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্থানীয় পাঁচপাদ্রা শাখায় ছুটে যান পরিবারের সদস্যরা, যদি কোনোভাবে নষ্ট হওয়া নোটগুলি বদলে নেওয়া যায়। কিন্তু নোটগুলির যা কঙ্কালসার অবস্থা হয়েছিল, তাতে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয় যে এই নোট বদল করা আইনি বা ব্যাংকিং নিয়মের মধ্যে পড়ে না। এরপর ভালোত্রার মূল শাখায় গিয়েও একই উত্তর মেলে। পরিবারকে আর্থিক সুরক্ষা দেওয়ার মরিয়া চেষ্টা করতে গিয়ে নিজের ভুলেই এখন একেবারে সর্বস্বান্ত হওয়ার জোগাড় রাজস্থানের এই হতভাগ্য কৃষকের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *