সংসদে বড় ধাক্কার মুখে কেন্দ্র! কোন বিল পাশ করাতে গিয়ে শরিক ও বিরোধীদের রোষানলে পড়তে চলেছে মোদি সরকার?

সংসদে বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে পা ফেলছে কেন্দ্রীয় সরকার। একদিকে বিরোধী শিবিরে ভাঙন ধরানোর সুযোগ, অন্যদিকে গুরুত্বপূর্ণ একাধিক বিল পাশ করানোর কঠিন চ্যালেঞ্জ—সবমিলিয়ে এক জটিল রাজনৈতিক সমীকরণের মুখোমুখি শাসকদল। বিশেষ করে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন (FCRA), আসন পুনর্বিন্যাস (ডিলিমিটেশন) এবং মহিলা সংরক্ষণ বিলকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা শুরু হয়েছে।

আসন পুনর্বিন্যাস ও মহিলা সংরক্ষণ বিল নিয়ে নতুন ছক
বাদল অধিবেশনের আগে গত এপ্রিল মাসে বিশেষ অধিবেশন ডেকে ১৩১তম সংবিধান সংশোধনী বিল পাশ করানোর চেষ্টা করেছিল কেন্দ্র। কিন্তু প্রয়োজনীয় ভোটের অভাবে সেই চেষ্টা ব্যর্থ হয়। এবার ফের একবার সংবিধান সংশোধনী হিসেবে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল পাশ করানোর জোর প্রস্তুতি শুরু হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বিলগুলির প্রতি সম্ভাব্য সমর্থনের অঙ্ক কষেই অত্যন্ত সাবধানে পদক্ষেপ করছে সরকার।

বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠক ও FCRA বিলের ভবিষ্যৎ
আজ লোকসভার বিজনেস অ্যাডভাইসরি কমিটির বৈঠকে নির্ধারিত হবে যে চলতি অধিবেশনেই এফসিআরএ (FCRA) সংশোধনী বিল পেশ করা হবে কি না।

আজ লোকসভার বিজনেস তালিকা অনুযায়ী আলোচনার জন্য চারটি বিল অন্তর্ভুক্ত থাকলেও, তাতে প্রাথমিকভবে এফসিআরএ (FCRA)-এর নাম নেই। তবে এই বিল পেশ করা নিয়ে সরকার গভীর ধন্দ্বে রয়েছে।

এনসিপি ও ডিএমকের অবস্থান এবং খ্রিস্টান সংগঠনের আপত্তি
ডিএমকে এবং শরদ পাওয়ারের এনসিপি দলের শর্ত হলো—সমস্ত রাজ্যে যদি ৫০ শতাংশ হারে আসন বৃদ্ধির নিশ্চয়তা মেলে, তবেই তারা আসন পুনর্বিন্যাস বিলকে সমর্থন করবে।

অন্যদিকে, বিদেশি অনুদান (FCRA) নিয়ন্ত্রণ আইন সংশোধনীর ক্ষেত্রে চার্চ ও বিভিন্ন খ্রিস্টান সংগঠনের দাবিকে সমর্থন করছেন এমকে স্ট্যালিন ও শরদ পাওয়ার। তাদের সাফ দাবি, এই বিল হয় প্রত্যাহার করতে হবে, নতুবা যৌথ সংসদীয় কমিটির (JPC) পর্যালোচনার জন্য পাঠাতে হবে।

ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে খ্রিস্টান প্রতিনিধিরা জানিয়েছেন, প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী কোনো সংস্থার লাইসেন্স বাতিল বা নবীকরণ না হলে সরকার যদি তার কর্তৃত্ব নিজের হাতে তুলে নেয়, তবে অর্থের অভাবে সমাজসেবামূলক কাজ মারাত্মকভাবে ব্যাহত হবে।

ফলে কেবল সংখ্যার জোরে এফসিআরএ বিল পাশ করিয়ে ডিএমকে এবং এনসিপির মতো দলগুলোকে চটানো সমীচীন হবে কি না, তা নিয়ে পুঙ্খানুপুঙ্খ হিসাব কষছে সরকার।

ইন্ডিয়া জোটের পরবর্তী রণকৌশল
পরিস্থিতি সামাল দিতে আজ সকাল ১০টায় বৈঠকে বসেছে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সংসদীয় দলের নেতারা। এই গুরুত্বপূর্ণ বৈঠকেই এফসিআরএ বিলের বিরুদ্ধে বিরোধী শিবিরের পরবর্তী রণকৌশল চূড়ান্ত করা হবে বলে জানা যাচ্ছে। সংসদের অন্দরে এই টানাপোড়েন আগামী দিনে কী মোড় নেয়, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *