“ওঁই হলেন সবচেয়ে কমপ্লিট ক্রিকেটার!” সচিনকে টপকে কাকে বেছে নিলেন ব্রেট লি?

বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটার কে? এই প্রশ্ন উঠলেই সাধারণ মানুষের মনে সবার আগে স্যার ডন ব্র্যাডম্যান কিংবা ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকরের নাম ভেসে ওঠে। কিন্তু অস্ট্রেলিয়ার স্বর্ণযুগের তারকা পেসার ব্রেট লি এই দু’জনের কাউকেই সর্বকালের সেরা হিসেবে বেছে নিলেন না। সচিনের বিরুদ্ধে বহু রোমাঞ্চকর লড়াইয়ে অংশ নেওয়া লি এবার এক সাক্ষাৎকারে বেছে নিলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক কালিসকে।

কী বললেন ব্রেট লি?

সচিন তেন্ডুলকরের আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান এবং তাঁর ব্যাটিং দক্ষতার কথা বিশ্বজুড়ে স্বীকৃত হলেও, ব্রেট লি একজন সম্পূর্ণ বা ‘কমপ্লিট’ ক্রিকেটার হিসেবে জ্যাক কালিসকেই এগিয়ে রেখেছেন। লি বলেন, “আমি সবসময় মনে করি যে সেরা ব্যাটার যাঁর বিরুদ্ধে আমি খেলেছি, সে হল সচিন। আর সর্বকালের সেরা ক্রিকেটার হল জ্যাক কালিস। ব্যাটে রান হোক বা বল হাতে উইকেট, পরিসংখ্যানই সব উত্তর দিয়ে দেবে।” কালিসের শান্ত মেজাজ ও স্নায়ুর দৃঢ়তার প্রশংসা করে ব্রেট লি আরও জানান, আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সিতে একসঙ্গে খেলার সুবাদে তিনি দেখেছেন কীভাবে চরম চাপের মুখেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় ব্যাট করতে নামতেন প্রোটিয়া এই তারকা।

কেন সেরার তালিকায় সবার ওপরে কালিস?

ক্রিকেট ইতিহাসে জ্যাক কালিসই একমাত্র খেলোয়াড়, যিনি টেস্ট এবং ওয়ান ডে—উভয় ফর্ম্যাটেই ১০ হাজারের বেশি রান করার পাশাপাশি আড়াইশোর বেশি উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে ১৩,২৮৯ রান ও ২৮২টি উইকেটের পাশাপাশি তাঁর ঝুলিতে রয়েছে ২০০টি ক্যাচ। এছাড়া ওয়ান ডে ফর্ম্যাটে তিনি করেছেন ১১,৫৭৯ রান এবং নিয়েছেন ২৭৩টি উইকেট। যদিও বর্ণময় কেরিয়ারে দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিসি ট্রফি জেতার সৌভাগ্য হয়নি তাঁর, তবুও পরিসংখ্যান ও অলরাউন্ড পারফরম্যান্সের বিচারে কালিসকে সর্বকালের সেরারাসনে বসিয়েছেন ব্রেট লি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *