অন্নপূর্ণার টাকা দেওয়া শুরু ১৭ অগাস্ট থেকে, নিজেই চেক করুন আপনার স্টেটাস

চলতি মাসে অ্যাকাউন্টে এখনও অন্নপূর্ণা যোজনার টাকা না ঢোকাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া নানা বিভ্রান্তি দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত বৃহস্পতিবার নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে, আগামী ১৭ অগাস্ট থেকে যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার টাকা পাঠানো শুরু হবে। পাশাপাশি, আগামী সেপ্টেম্বর মাস থেকে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে নিয়মমাফিক উপভোক্তাদের অ্যাকাউন্টে এই অর্থ ঢুকে যাবে।
এই বিষয়ে আগামী ১০ অগাস্ট নারী ও শিশুকল্যাণ দফতরের মন্ত্রী মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে একটি বিশেষ সাংবাদিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। সেখানে কীভাবে ফর্ম স্ক্রুটিনির কাজ চলছে এবং কারা এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য, সে সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য জনসাধারণের সামনে তুলে ধরা হবে।
কবে এবং কারা পাবেন এই টাকা?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ অগাস্ট থেকে ভেরিফায়েড বা যাচাইকৃত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো শুরু হবে। তবে হঠাৎ ১৭ তারিখ কেন বেছে নেওয়া হল? প্রশাসনিক কর্তাদের মতে, সমস্ত আবেদনপত্রের চূড়ান্ত যোগ্যতা ও প্রয়োজনীয় নথিপত্র যাচাইকরণের কাজ বর্তমানে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলছে। শুধুমাত্র প্রকৃত উপভোক্তাদের কাছেই যাতে সরকারি সাহায্য পৌঁছায়, তা নিশ্চিত করতেই এই বাড়তি সময় নেওয়া হচ্ছে।
-
কাদের টাকা ঢুকবে: মূলত যাঁদের আবেদন ৩১ জুলাইয়ের মধ্যে জমা পড়েছে এবং বিশেষ করে ১০ জুলাই পর্যন্ত আবেদনকারীদের ভেরিফিকেশন পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে, তাঁরাই অগাস্ট মাসের টাকা পাবেন।
-
যাঁদের একটু অপেক্ষা করতে হবে: ১১ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে যাঁদের আবেদন জমা পড়েছে, তাঁদের যাচাইকরণ প্রক্রিয়া শেষ হতে কিছুটা সময় লাগছে। ফলে তাঁদের ক্ষেত্রে সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে।
স্টেটাস চেক করার সহজ উপায়
আপনার অ্যাকাউন্টে যদি ১৭ অগাস্ট টাকা না আসে, তবে এখনই বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আপনার আবেদন মঞ্জুর হয়েছে কি না, তা ঘরে বসেই অনলাইনে দেখে নেওয়া সম্ভব।
১. প্রথমে অফিসিয়াল পোর্টাল https://socialsecurity.wb.gov.in/Office/login-এ যান।
২. রেজিস্টার্ড মোবাইল নম্বর দিয়ে লগইন করুন এবং ওটিপি (OTP) দিয়ে যাচাই করুন।
৩. এরপর আপনার আবেদনের পাশে থাকা স্টেটাস দেখে নিন:
-
Approved: আপনার আবেদন অনুমোদিত হয়েছে এবং খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন।
-
Pending at the BDO Office: যাচাই প্রক্রিয়া এখনও চলছে (১৫ থেকে ৩০ দিনের মধ্যে পুনরায় চেক করুন)।
-
Payment Pending: আবেদন বৈধ হলেও অর্থ এখনও সরকার থেকে মঞ্জুর হয়নি, একটু অপেক্ষা করতে হবে।
-
Bank Account Invalid: আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যে গরমিল বা আধার সিডিং সম্পূর্ণ হয়নি (অবিলম্বে স্থানীয় বিডিও অফিসে যোগাযোগ করুন)।
-
Rejected: আবেদন বাতিল হলে প্রয়োজনীয় নথি (আধার কার্ড, উপার্জনের শংসাপত্র, বসবাসের প্রমাণপত্র ও আপডেটেড ব্যাঙ্ক পাসবই) নিয়ে পুনরায় আবেদন করতে পারবেন।
যেহেতু সম্পূর্ণ প্রক্রিয়াটি ডিবিটি (DBT) মাধ্যম, সঠিক আবেদন যাচাই এবং ব্যাঙ্কের সঠিক তথ্যের ওপর নির্ভর করছে, তাই যেকোনো সমস্যায় নিকটবর্তী বিডিও অফিসে যোগাযোগ করে খুব সহজেই সমাধান করে নিতে পারেন সাধারণ মানুষ।