‘পতাকা ধরে দলে এলেই ছাড় নেই!’ সিন্ডিকেট ও ঘুষ নিয়ে দলীয় কর্মীদেরও চরম সতর্কবার্তা অগ্নিমিত্রার

সল্টলেকের রাস্তায় যত্রতত্র গাড়ি পার্কিং এবং বেদখল সংস্কৃতি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থান নিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিয়েছেন, বাড়ির সামনে বা রাস্তার ওপর আর বেআইনিভাবে গাড়ি পার্কিং করা চলবে না। যাঁদের নিজস্ব পার্কিং স্পেস নেই, তাঁদের গাড়ি রাখার জন্য নতুন নিয়ম ও জরিমানার মুখোমুখি হতে হবে।

সল্টলেকের একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, রাস্তার ওপর গাড়ি পার্কিং কিংবা নির্মাণসামগ্রী ফেলে রাস্তা অবরুদ্ধ করে রাখার দিন শেষ। নাইট পার্কিং বা সারারাত রাস্তায় গাড়ি রাখার জন্য এবার থেকে আলাদা ফি বা মাসুল দিতে হবে, এবং সেই সমস্ত অর্থ সরাসরি জমা হবে সরকারি কোষাগারে। যাঁদের রাস্তার ওপর গাড়ি রাখার অভ্যেস রয়েছে, তাঁদের কড়া বার্তা দিয়ে তিনি বলেন, “নিজের জায়গা কিনে পার্কিং করুন, রাস্তায় পার্কিং আর বরদাস্ত করা হবে না।”

এদিন পার্কিং নীতির পাশাপাশি শাসক দলের সিন্ডিকেট রাজ ও দুর্নীতি নিয়েও সুর চড়ান অগ্নিমিত্রা। গত ৪ তারিখের পর যারা দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছেন, তাঁদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি স্পষ্ট জানান, পতাকা ধরে বা আবির মেখে দলে এলেই অতীতের সমস্ত অপরাধ মাফ হয়ে যাবে এমনটা ভাবার কোনো কারণ নেই। দলের ভিতরে বা বাইরে কেউ যদি সিন্ডিকেট চালান কিংবা ঘুষ নেওয়ার চেষ্টা করেন, তবে কাউকেই রেয়াত করা হবে না। এই ধরনের কোনো অনিয়মের খবর পেলে সরাসরি টোল-ফ্রি নম্বরে জানানোর জন্যও সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *