পরকীয়া নাকি অন্য কারণ? ডিভোর্স চর্চায় বিধ্বস্ত রণজয়, শ্যুটিংয়ে আচমকা অসুস্থ অভিনেতা

শুক্রবার নিজের চলমান ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’-র শ্যুটিংয়ে নির্দিষ্ট সময়েই সেটে উপস্থিত হয়েছিলেন রণজয়। কিন্তু একটানা কাজের চাপ ও ব্যক্তিগত জীবনের মানসিক অবসাদের জেরে শ্যুটিং চলাকালীনই তিনি চরম অসুস্থতা অনুভব করেন। একটি শট দেওয়ার পর পরিচালকের নির্দেশে মেকআপ রুমে ফিরে যাওয়ার সময়, লিফটের ঠিক সামনেই হঠাৎ মাথা ঘুরে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা।
তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী ও কলাকুশলীরা তাঁকে ধরে বসান এবং জল দেন। পরে মেকআপ রুমে তাঁকে কিছু সময় বিশ্রামের সুযোগ দেওয়া হয়। অতিরিক্ত মানসিক চাপ এবং টলিপাড়ার নানা গুঞ্জনের প্রভাব তাঁর শরীরের উপর পড়েছে বলেই মনে করছেন ইন্ডাস্ট্রির একাংশ। ঘটনার পর ধারাবাহিক নির্মাতাদের তরফ থেকেও তাঁকে আপাতত পর্যাপ্ত বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
ডিভোর্সের গুঞ্জন ও টলিপাড়ার অন্দরমহল
চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি সাড়ম্বরে গাঁটছড়া বেঁধেছিলেন রণজয় ও শ্যামোপ্তি। ‘গুড্ডি’ সিরিয়ালের সেট থেকে শুরু হওয়া তাঁদের প্রেমের সম্পর্ক আইনি বিয়ের পর সামাজিক ভাবে পরিণতি পেয়েছিল। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়সহ টলিপাড়ার বহু চেনা মুখের উপস্থিতিতে সেই বিয়ে বেশ শোরগোল ফেলেছিল।
কিন্তু বিয়ের মাত্র ৬ মাসের মাথায় এই তারকা জুটির সংসার ভাঙার গুঞ্জনে সরগরম সোশ্যাল মিডিয়া। যদিও দম্পতি কেউই প্রকাশ্যে মুখ খোলেননি, তবে টলিপাড়ার ফিসফাস— নতুন সিরিয়ালের সহ-অভিনেত্রীর সঙ্গে রণজয়ের সম্পর্কের গুঞ্জন ঘিরেই এই দূরত্ব। একদিকে যখন মানসিক অবসাদে বিধ্বস্ত রণজয় শ্যুটিংয়ে অসুস্থ হয়ে পড়ছেন, ঠিক অন্যদিকে বেশ খোশমেজাজেই বিভিন্ন ইভেন্টে এককভাবে দেখা মিলছে শ্যামোপ্তির। ডিভোর্স প্রসঙ্গে তিনি এখনও সম্পূর্ণ মুখ বন্ধ রেখেছেন।