কবে রাখি পূর্ণিমা? ২৭ না ২৮ অগাস্ট? দিনক্ষণ নিয়ে ধোঁয়াশা কাটতেই সামনে এল বড় আপডেট

ভাই-বোনের পবিত্র প্রেমের উৎসব রাখি পূর্ণিমা নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হওয়া বিভ্রান্তি অবশেষে দূর হলো। চলতি বছরে পূর্ণিমা তিথি দু’দিন ধরে বিস্তৃত থাকায় অনেকেই সঠিক তারিখ নিয়ে দ্বন্দ্বে পড়েছেন। কেউ বলছেন ২৭ অগাস্ট, তো আবার কারও মতে ২৮ অগাস্ট। তবে হিন্দু পঞ্জিকা ও জ্যোতিষ গণনা অনুযায়ী, চলতি বছরে ২৮ অগাস্ট, শুক্রবার পালিত হবে রাখি বন্ধন উৎসব।
কেন তৈরি হয়েছিল বিভ্রান্তি?
হিসাব অনুযায়ী, ২০২৬ সালের শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি শুরু হচ্ছে ২৭ অগাস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা ৮ মিনিটে এবং তা শেষ হচ্ছে ২৮ অগাস্ট (শুক্রবার) সকাল ৯টা ৪৮ মিনিটে। যেহেতু পূর্ণিমা তিথিটি দুটি ভিন্ন দিনে ছড়িয়ে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে উৎসবের সঠিক দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।
কেন ২৮ অগাস্টই রাখি বাঁধার জন্য শ্রেষ্ঠ দিন?
শাস্ত্রীয় নিয়ম অনুসারে, রাখি পূর্ণিমার দিন দুটি বিষয়ের ওপর বিশেষ নজর রাখা হয়— প্রথমত, সেই সময় পূর্ণিমা তিথি বিদ্যমান থাকা এবং দ্বিতীয়ত, অশুভ ‘ভদ্রা কাল’ মুক্ত সময় হওয়া।
-
জ্যোতিষ গণনা অনুযায়ী, ২৮ অগাস্ট সূর্যোদয়ের আগেই ভদ্রার সময়কাল সমাপ্ত হয়ে যাচ্ছে।
-
এর ফলে ওই দিন সকালে কোনও ধরনের বাধা বা অশুভ ছায়া ছাড়াই শান্তিতে রাখি বাঁধার সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হবে। সেই কারণেই শুক্রবার, ২৮ অগাস্টকেই রাখি উদযাপনের জন্য সবচেয়ে উপযুক্ত ও শুভ দিন হিসেবে বেছে নেওয়া হয়েছে।
রাখি বাঁধার সঠিক সময় ও শুভ মুহূর্ত
-
উৎসবের দিন: শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
-
রাখি বাঁধার শুভ সময়: সকাল ৫টা ৫৭ মিনিট থেকে সকাল ৯টা ৪৮ মিনিট পর্যন্ত।
-
শুভ মুহূর্তের মোট স্থায়িত্ব: ৩ ঘণ্টা ৫১ মিনিট।
এক নজরে গুরুত্বপূর্ণ তিথি ও সময়সূচি:
-
পূর্ণিমা তিথি শুরু: ২৭ অগাস্ট, সকাল ৯:০৮ মিনিট।
-
পূর্ণিমা তিথি সমাপ্ত: ২৮ অগাস্ট, সকাল ৯:৪৮ মিনিট।
-
ভদ্রা কাল সমাপ্ত: ২৮ অগাস্ট সূর্যোদয়ের আগেই।
রাখিতে কি ছুটি রয়েছে?
চলতি বছর ২৮ অগাস্ট শুক্রবার রাখি বন্ধন উৎসবটি সরকারের ঐচ্ছিক ছুটির (Optional Holiday) তালিকার অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ, সংশ্লিষ্ট প্রশাসন বা প্রতিষ্ঠান চাইলে ওই দিন স্কুল-কলেজ বা অফিসে ছুটি ঘোষণা করতে পারে। তবে রাজ্য সরকারের নবান্নের তরফ থেকে এখনও পর্যন্ত চূড়ান্ত ছুটির বিষয়ে কোনও বিশেষ ঘোষণা করা হয়নি। পাশাপাশি, উল্লেখ্য যে ওইদিন ব্যাঙ্কে কোনও ছুটির নির্দেশিকা নেই।