পাহালগাম হামলাতেই কি সব শেষ? কাশ্মীরে পর্যটকদের ঢলে হঠাৎ ধস, লোকসভায় বিস্ফোরক তথ্য দিল কেন্দ্র

মনোরম উপত্যকা এবং স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের জন্য জম্মু ও কাশ্মীর বিশ্বজুড়ে সমাদৃত। তবে গত তিন দশকেরও বেশি সময় ধরে এই কেন্দ্রশাসিত অঞ্চলটি মূলত সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের কবলে জর্জরিত। যদিও বিগত কয়েক বছরে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় সেখানে পর্যটকদের সংখ্যা হু হু করে বাড়ছিল, কিন্তু গত বছরের পাহালগাম সন্ত্রাসী হামলা সমস্ত ইতিবাচক ধারাকে উল্টে দিয়েছে। আতঙ্কের জেরে পর্যটকরা আবারও কাশ্মীর ভ্রমণ এড়িয়ে চলতে শুরু করেছেন। সম্প্রতি লোকসভায় একটি প্রশ্নের লিখিত উত্তরে কেন্দ্রীয় সরকার এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছে।

২০২৫ সালে পর্যটকের সংখ্যায় ব্যাপক পতন
কেন্দ্রীয় সরকারের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী, ২০২২ সালের তুলনায় ২০২৫ সালে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের আগমন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

অভ্যন্তরীণ পর্যটক (Domestic Tourists): ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে দেশীয় পর্যটকদের সংখ্যা প্রায় ২৩ শতাংশ কমে গেছে। সংখ্যাটা ২৩ মিলিয়ন থেকে নেমে সোজা ১৭.৭ মিলিয়নে এসে ঠেকেছে।

বিদেশি পর্যটক (Foreign Tourists): বিদেশিদের ক্ষেত্রে এই পতনের হার আরও ভয়াবহ। গত বছরের তুলনায় ২০২৫ সালে বিদেশি পর্যটকের আগমন প্রায় ৪৪ শতাংশেরও বেশি হ্রাস পেয়েছে, যা ৬৫,০০০ থেকে কমে মাত্র ৩৬, হাজারে নেমে এসেছে।

বিগত বছরগুলিতে পর্যটনের জোয়ার (এক নজরে পরিসংখ্যান)
গত এক দশকে সন্ত্রাসী ঘটনা হ্রাস পাওয়ায় কাশ্মীরে পর্যটনের গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল:

২০২১ সাল: উপত্যকায় দেশীয় পর্যটক আসেন ১ কোটি ১৩ লাখের বেশি, আর বিদেশি পর্যটকের সংখ্যা ছিল মাত্র ২,০০০।

২০২২ সাল: দেশীয় পর্যটকের সংখ্যা একলাফে ৬৩.৪৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ কোটি ৮৪ লাখ ছাড়ায় এবং বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে হয় ২০,০০০।

২০২৩ সাল: পর্যটনের ইতিহাসে রেকর্ড গড়ে প্রথমবার এক বছরে ২০ মিলিয়নেরও বেশি পর্যটক কাশ্মীর ভ্রমণ করেন। অভ্যন্তরীণ পর্যটকদের আগমন ১২ শতাংশ বেড়ে ২০.৬ মিলিয়নে পৌঁছায় এবং বিদেশি পর্যটকদের সংখ্যা ১৭৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৫৫,০০০ ছাড়িয়ে যায়।

২০২৪ সাল: এই বছরও বৃদ্ধির ধারা বজায় থাকে। ১১.২৯ শতাংশ বেড়ে দেশীয় পর্যটক ২৩ মিলিয়নের বেশি হয় এবং ১৮.১৮ শতাংশ বেড়ে বিদেশি পর্যটক ৬৫,০০০ ছাড়িয়ে যায়।

পাহালগাম হামলাতেই থমকে গেল প্রগতির ধারা
দীর্ঘদিন ধরে কাশ্মীরের পর্যটন শিল্প যে গতিতে এগোচ্ছিল, গত বছরের পাহালগাম সন্ত্রাসী হামলা সেই চাকার গতিতে বড়সড়ো ব্রেক কষে দেয়। এই ভয়াবহ হামলার পর থেকেই দেশি ও বিদেশি উভয় পর্যটকরাই কাশ্মীর ভ্রমণ থেকে নিজেদের গুটিয়ে নিতে শুরু করেন। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে উপত্যকার সামগ্রিক অর্থনীতিতে।

অন্যদিকে, পর্যটন খাতে কর্মসংস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে, পর্যটন মন্ত্রকের অধীনস্থ সমীক্ষার তথ্য অনুযায়ী— ২০২১-২২ সালে জম্মু ও কাশ্মীরে পর্যটন খাতে মোট কর্মসংস্থান যেখানে ১০.৪২ লক্ষ ছিল, ২০২৫ সালে তা সামান্য বেড়ে ১০.৭৮ লক্ষে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *