“কোথায় কত টাকার দুর্নীতি হয়েছে প্রমাণ দিন!” জঘন্য ব্যক্তিগত আক্রমণে অবশেষে ধৈর্যের বাঁধ ভাঙল ইমনের

সম্প্রতি বাড়িতে ধুমধাম করে জগন্নাথ পুজো করেছিলেন জাতীয় পুরস্কার-জয়ী গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। আর সেই পুজোর স্থানে নিজের প্রয়াত মায়ের ছবি রাখা কেন্দ্র করেই বাঁধে চরম বিতর্ক। একাধিক কটাক্ষ ও সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। সেসময় ইমন স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে, তিনি নিজের মা-মাকেও ভগবানের আসনেই বসান এবং কে কী বলল, তাতে তাঁর বিন্দুুমাত্র যায় আসে না। তবে এবার সেই বিতর্ক অন্যমাত্রা নিল, যখন সোশ্যাল মিডিয়ায় এক মহিলার করা একটি কুরুচিকর পোস্টের স্ক্রিনশট শেয়ার করে প্রকাশ্যেই ক্ষোভে ফেটে পড়লেন গায়িকা।

নবনীতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিস্ফোরক পোস্ট
নবনীতা বন্দ্যোপাধ্যায় নামের এক মহিলা ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে প্রশ্ন তোলেন, কেন ভগবান জগন্নাথকে ইমনের প্রয়াত মায়ের ছবির নীচে স্থাপন করা হয়েছিল! শুধু তাই নয়, এরপরেই ইমনকে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে একাধিক বিস্ফোরক দাবি করা হয় ওই পোস্টে।

ওই পোস্টে লেখা হয়— “একটি ইন্টারভিউতে এই মহান গায়িকা বললেন যে তাঁর জগন্ময় দেব, দুর্গা, কালীর স্থান হলো তাঁর বাবা-মায়ের নীচে। কারণ বাবা-মায়ের জন্য তিনি নাকি পৃথিবীর আলো দেখেছেন। পড়াশোনার দৌড় কত তা জানি না, তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছাপ তো নিশ্চয়ই আছে। কিন্তু সেটা থাকলে এমন বলা কেন!”

এখানেই শেষ নয়, গায়িকার অর্থ উপার্জন, মঞ্চে পারফর্ম্যান্স এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শাসক শিবিরের সান্নিধ্য নিয়ে তীব্র আক্রমণ শানানো হয়। পোস্টে আরও দাবি করা হয় যে, বিভিন্ন অনুষ্ঠান থেকে ৩ থেকে ৪ লক্ষ টাকা ক্যাশ বা চেকে নেন ইমন। এমনকি তোষামোদ ও রাজনৈতিক ঘনিষ্ঠতার মাধ্যমে তিনি সুযোগ সুবিধা আদায় করেন বলেও অভিযোগ তোলা হয়।

ইমনের কড়া জবাব ও হুঁশিয়ারি
ওই মহিলার করা অবমাননাকর পোস্টের স্ক্রিনশট নিজের ওয়ালে শেয়ার করে ইমন লেখেন, “অনেক হয়েছে। ধৈর্যের বাধ ভাঙলে মুশকিল। এই মহিলা আমাকে ব্লক করে এই পোস্টটি করেছেন। যা যা বলেছেন উনি তার প্রমাণ দিক। কোথায় কত টাকার গল্প উনি দিচ্ছেন তার প্রমাণ তো আমার চাই। আর না হলে এবার একটু মুশকিল। হ্যাঁ, আমার কাছে আমার বাবা-মা-ই সবার আগে। আমার নাম করা যদি দোষের হয়ে যায়, তাহলে আমি বারবার করতে রাজি।”

ভক্তদের সমর্থন ও গায়িকার প্রতিক্রিয়া
এই ঘটনার পর ইমনের কমেন্ট বক্সে উপচে পড়ে অনুরাগীদের সমর্থন। এক নেটিজেন গায়িকাকে শান্ত করার পরামর্শ দিয়ে লেখেন, “মানুষ যখন নিজের পরিশ্রমে সফল হয়, তখন হিংসুক বা দুর্জনেরা কষ্ট পায় এবং দোষ খোঁজার ছল করে। অন্যের ঈর্ষা বা কথায় দমে না গিয়ে নিজের সাধনা চালিয়ে যান। ঈশ্বরের আরাধনা তখনই সার্থক হয়, যখন জীবন্ত ঈশ্বর অর্থাৎ নিজের মা-বাবাকে ঠিকমতো সম্মান ও সেবা করা হয়।”

অন্য এক অনুরাগী লেখেন, “ইমন, যাদের সাহস নেই তোমাকে ট্যাগ করে বা সামনে এসে সমালোচনা করার, তাদের লাইমলাইটে এনো না। এরা দরকার পড়লে নিজের কাছের মানুষকে নিয়েও কথা বলতে ছাড়বে না।” যার জবাবে ইমন আক্ষেপ প্রকাশ করে লেখেন, “সবাই একটু দেখুক রোজ কত কিছু সহ্য করতে হয়। মা-বাবাকে নিয়ে আক্রমণ করা বন্ধই হচ্ছে না।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *