যোধপুর জেলের অন্ধকার দিনগুলির স্মৃতিচারণ! ভাই সোহেলের শোয়ে গিয়ে নজিরবিহীন অভিজ্ঞতা শেয়ার করলেন ‘ভাইজান’

বলিউডের ‘ভাইজান’ সলমন খান সম্প্রতি তাঁর জীবনের অন্যতম এক অন্ধকার অধ্যায়— কারাবাসের দিনগুলির কথা প্রকাশ্যে আনলেন। রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’-এর সেটে ভাই সোহেল খানের সঙ্গে দেখা করতে গিয়ে যোধপুর সেন্ট্রাল জেলে কাটানো সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করেন অভিনেতা। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই শোয়ের একটি প্রোমো ঘিরেই শুরু হয়েছে জোর চর্চা।
ঠিক কী জানিয়েছেন সলমন খান?
কৃষ্ণসার হরিণ ও চিঙ্কারা শিকার মামলায় ১৯৯৮ থেকে ২০১৮ সালের মধ্যে রাজস্থানের যোধপুর কেন্দ্রীয় কারাগারে চারবার রাত্রিবাস করতে হয়েছিল সলমন খানকে। শোয়ের সেটে সেই সময়ের কথাই স্মরণ করে অভিনেতা জানান, জেলের অন্দরের পরিবেশ কতটা কঠিন ছিল।
সলমনের কথায়, অত্যন্ত ছোট একটি জায়গায় একসঙ্গে ৫০ থেকে ৬০ জন বন্দিকে রাখা হয়েছিল। এছাড়া সেখানে ব্যবহারের জন্য ছিল শুধুমাত্র ইন্ডিয়ান স্টাইল টয়লেট। স্টারডম ও বিলাসবহুল জীবন ছেড়ে হঠাৎ করে জেলের এমন কঠোর ও অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হওয়া যে তাঁর জীবনের অন্যতম কঠিন এক অভিজ্ঞতা ছিল, তা এ দিন নিজের মুখেই স্বীকার করে নেন অভিনেতা।