দুর্যোগ কাটছে না বঙ্গে! সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির কমলা ও হলুদ সতর্কতা

রবিবার পেরিয়ে সপ্তাহের প্রথম দিনেই দুর্যোগ কাটছে না বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টির জোরালো সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে উপকূল ও সংলগ্ন এলাকাগুলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দক্ষিণবঙ্গে কমলা ও হলুদ সতর্কতা
দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যে কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
বারবার বদলাতে থাকা এই আবহাওয়ার জেরে সোমবারেও (৩ আগস্ট) পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম ও নদিয়া জেলায় হলুদ সর্তকতা বজায় রয়েছে। এছাড়া আগামী ৫ আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমান জেলাতেও ভারী বৃষ্টির (৭ থেকে ১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও জারি ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
অন্যদিকে, শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও পুরোদমে চলছে বর্ষার তাণ্ডব। বিশেষ করে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার— এই তিন উত্তরবঙ্গের জেলায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পাহাড়ি জেলা দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। সবমিলিয়ে, সপ্তাহের শুরুতেই গোটা রাজ্যজুড়ে চুটিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর।