দেশের প্রবেশিকা পরীক্ষা পদ্ধতিতে আসছে ঐতিহাসিক বদল! মোদীর গড়া ৬ সদস্যের টাস্ক ফোর্সে কারা আছেন?

নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতিবাদের পর দেশের প্রবেশিকা পরীক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে প্রধানমন্ত্রী নরেন্দ মোদী ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের টাস্ক ফোর্চ গঠন করেছেন। নিজ নিজ ক্ষেত্রে বিশেষ দক্ষতার অধিকারী এই ছয় সদস্যের শিক্ষাগত যোগ্যতা এবং উল্লেখযোগ্য অর্জনগুলো নিচে তুলে ধরা হলো:
১. নন্দন নিলেকানি (চেয়ারম্যান, টাস্ক ফোর্চ)
পরিচয়: ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা এবং ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর প্রথম চেয়ারম্যান। তিনি ভারতের আধুনিক পরিচয়পত্র ব্যবস্থার রূপকার হিসেবে বিশ্বজুড়ে পরিচিত।
শিক্ষাগত যোগ্যতা: তিনি বিশপ কটন বয়েজ স্কুল ও সেন্ট জোসেফ হাই স্কুলে পড়ার পর আইআইটি বোম্বে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক ডিগ্রি অর্জন করেন।
২. অধ্যাপক ভি. কামাকোটি
পরিচয়: আইআইটি মাদ্রাজ-এর ডিরেক্টর। তিনি এর আগে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কর্তৃক গঠিত এআই টাস্ক ফোর্সের চেয়ারম্যান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতা: তিনি শ্রী ভেঙ্কটেশ্বর কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (মাদ্রাজ বিশ্ববিদ্যালয়) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং-এ বি.এসসি ডিগ্রি নেন। পরবর্তীতে আইআইটি মাদ্রাজ থেকে এম.এস. (রিসার্চ) এবং পিএইচ.ডি. ডিগ্রি অর্জন করেন।
৩. ডঃ এস. সোমনাথ
পরিচয়: ইসরোর প্রাক্তন চেয়ারম্যান (২০২২-২০২৫) এবং মহাকাশ বিভাগের সচিব। তিনি ইসরোকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতা: তিনি টিকেএম কলেজ অফ ইঞ্জিনিয়ারিং (কোল্লাম) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক, আইআইএসসি (ব্যাঙ্গালুরু) থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ এম.টেক এবং আইআইটি মাদ্রাজ থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
৪. তপন ডেকা
পরিচয়: ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার এবং ইন্টেলিজেন্স ব্যুরো (IB)-এর প্রাক্তন ডিরেক্টর (২০২২-২০২৬)। তিনি ২৬/১১ মুম্বাই হামলা ও উত্তর-পূর্বাঞ্চলের নিরাপত্তা কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
শিক্ষাগত যোগ্যতা: তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি ডিগ্রি অর্জন করেছেন।
৫. অনিতা কারওয়াল
পরিচয়: গুজরাট ক্যাডারের ১৯৮৮ ব্যাচের আইএএস অফিসার। তিনি সিবিএসই (CBSE)-র প্রাক্তন চেয়ারপার্সন এবং স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় শিক্ষা নীতি (NEP) ২০২০ বাস্তবায়নে বড় ভূমিকা রেখেছেন।
শিক্ষাগত যোগ্যতা: তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ লেডি শ্রী রাম কলেজ থেকে অর্থনীতিতে পড়াশোনা সম্পন্ন করেন।
৬. অমৃত লাল মীনা
পরিচয়: ১৯৮৯ ব্যাচের সিনিয়র আইএএস অফিসার। তিনি এর আগে বিহারের মুখ্য সচিব এবং কয়লা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক ক্ষেত্রে তাঁর ৩৫ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: তিনি জয়পুরের মালভিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (MNIT) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক ডিগ্রি অর্জন করেছেন।