‘আমি চাই ওর ফোকাস খেলায় থাকুক’-বৈভবকে কেন সতর্ক করে দিলেন ঈশান?

মাত্র ১৫ বছর বয়সেই জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়েছেন বিস্ময় প্রতিভা বৈভব সূর্যবংশী। এত অল্প বয়সে দেশের হয়ে খেলার ফলে তাঁর উপর বাইরের দুনিয়ার একটা বাড়তি চাপ থাকেই। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুলেছেন দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষান। তিনি জানিয়েছেন, দলের সকলেই বৈভবকে অত্যন্ত স্নেহে আগলে রাখেন, যাতে এই ‘বেবি বস’-এর মনোযোগ কোনোভাবেই বাইরের দুনিয়া বা সোশ্যাল মিডিয়ার কারণে নষ্ট না হয়।

জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ জয়ের পর সাংবাদিক বৈঠকে বৈভবকে নিয়ে খোলামেলা কথা বলেন ঈশান। তিনি জানান, দু’জনেই বিহারের হওয়ায় তাঁদের মধ্যে একটা আলাদা আত্মিক সম্পর্ক রয়েছে। বৈভগকে নিজের ছোট ভাইয়ের মতো দেখেন ঈশান এবং তিনি চান না, কেরিয়ারের শুরুতেই অন্য অনেক তরুণ ক্রিকেটারের মতো সে কোনো ভুল করে বসুক।

বৈভবের পরিণত মানসিকতা ও ঈশানের বার্তা

ঈশান প্রথমেই বৈভবের ঠান্ডা মাথার ও পরিণত মানসিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁর মতে, বৈভব খুব ভালো করেই জানে মাঠে কীভাবে ব্যাট করতে হয়, কীভাবে আচরণ করতে হয় এবং মাঠের বাইরেও নিজেকে কীভাবে সামলাতে হয়। তবে হঠাৎ পাওয়া এই আকাশছোঁয়া জনপ্রিয়তা ও অল্প বয়স যে কোনো ক্রিকেটারের মনোযোগ সরিয়ে দিতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।

ঈশান বলেন,

“বৈভব খুবই বুদ্ধিমান। ও জানে কীভাবে ব্যাট করতে হয়, মাঠে কীভাবে আচরণ করতে হয় এবং মাঠের বাইরে নিজেকে কীভাবে সামলাতে হয়। কিন্তু যে পরিবেশ থেকে ও এসেছে, সেখানে নানা ধরনের বিভ্রান্তি থাকতে পারে। বন্ধু, সোশ্যাল মিডিয়া এবং হঠাৎ পাওয়া জনপ্রিয়তা একজন ক্রিকেটারের মনোযোগ সরিয়ে দিতে পারে। আমিও একই পটভূমি থেকে এসেছি। তাই জানি, ভারতের হয়ে খেলতে গেলে কোন বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়।”

‘সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখতে হবে বৈভগকে’

ঈশান স্পষ্ট করে জানান যে, শুধু তিনি একা নন; অভিষেক শর্মা, অক্ষর পটেল-সহ দলের অন্যান্য সিনিয়র ক্রিকেটাররাও নিয়মিত বৈভবের সঙ্গে সময় কাটান এবং কথা বলেন। তাঁদের মূল লক্ষ্য হলো, সোশ্যাল মিডিয়ার বাহবা কিংবা কোনো ম্যাচের ব্যর্থতার সমালোচনা— কোনো কিছুই যেন বৈভবের খেলায় বা মানসিকতায় প্রভাব না ফেলে। ঈশানের কথায়, “আমরা সবাই চাই, এই সময় ওর পুরো মনোযোগ শুধু ক্রিকেটেই থাকুক।”

পাশাপাশি বৈভবের বিধ্বংসী ব্যাটিং দক্ষতারও প্রশংসা করেন ঈশান। তাঁর মতে, বৈভব ক্রিজে মাত্র কিছুক্ষণ টিকতে পারলে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম ছয় ওভারেই ৮০-৯০ রান তোলার ক্ষমতা রয়েছে তাঁর। প্রথম বল থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর চরম চাপ সৃষ্টি করতে পারেন এই তরুণ তারকা।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ঝোড়ো ইনিংস

আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে টিম ইন্ডিয়ায় ডাক পাওয়া বৈভব শুরুর দিকে বড় ইনিংস খেলতে না পারলেও, জিম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে মাত্র ১৮ বলে ঝোড়ো অর্ধশতরান করে নিজের অবিশ্বাস্য প্রতিভার প্রমাণ দিয়েছেন। এই ইনিংস শুধু তাঁর নিজের আত্মবিশ্বাসই বাড়িয়ে দেয়নি, বড় মঞ্চেও যে তিনি কতটা নির্ভীক, তা স্পষ্ট করে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *